বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়ে দীর্ঘ কয়েক বছর দায়িত্ব সামলেছেন জেপি নাড্ডা (JP Nadda)। তাঁর মেয়াদ শেষের আগে গত ডিসেম্বরেই নীতীন নবীনকে কার্যনির্বাহী সভাপতি করা হয়েছিল।

বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নীতিন নবীন
শেষ আপডেট: 20 January 2026 07:25
দ্য ওয়াল ব্যুরো: বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হলেন বিহারের মন্ত্রী নীতীন নবীন (Nitin Nabin)। কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় সোমবার সহজেই এই গুরুত্বপূর্ণ পদে জয়ী হন তিনি। মাত্র ৪৫ বছর বয়সেই দলের শীর্ষ নেতৃত্বের আসনে উঠে এলেন নীতীন (BJP Youngest President Nitin Nabin)। ২০ জানুয়ারি অর্থাৎ আজ (মঙ্গলবার) থেকেই আনুষ্ঠানিকভাবে দফতরের দায়িত্বগ্রহণ করবেন তিনি। এদিন সকাল ১১.৩০টায় দিল্লির বিজেপি সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেবেন তিনি। অনুষ্ঠানে অমিত শাহ, রাজনাথ সিং-সহ দলের কেন্দ্রীয় নেতৃত্বও থাকবেন বলে জানা গেছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়ে দীর্ঘ কয়েক বছর দায়িত্ব সামলেছেন জেপি নাড্ডা (JP Nadda)। তাঁর মেয়াদ শেষের আগে গত ডিসেম্বরেই নীতীন নবীনকে কার্যনির্বাহী সভাপতি করা হয়েছিল। তখন থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছিল যে তিনিই হতে চলেছেন পরবর্তী সভাপতি। সেই অনুমানই শেষ পর্যন্ত সত্যি হল। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই নীতীনের নাম সুপারিশ করেন দলকে নেতৃত্ব দেওয়ার জন্য। পরে রাজ্য সভাপতিদের জমা দেওয়া মনোনয়নের ভিত্তিতে সোমবার তাঁকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
বিজেপির জাতীয় রিটার্নিং অফিসার কে লক্ষ্মণ এক প্রেস বিবৃতিতে জানান, ৩৬টি রাজ্যের মধ্যে ৩০ জন নির্বাচিত সভাপতি নীতীনের নামে সমর্থন জানান (BJP National President Election)। মোট ৩৭টি মনোনয়ন জমা পড়েছিল তাঁর পক্ষে, এবং সবকটিই বৈধ বলে ঘোষণা করা হয়। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরই নিশ্চিত হয়- নীতীন নবীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন (Unopposed Election BJP)।
বিহারের রাজনীতিতে নীতীনের অবস্থান যথেষ্ট মজবুত। নীতীশ কুমারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচনে পটনার বাঁকিপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আরজেডি নেত্রী রেখা কুমারীকে ৫১ হাজারের বেশি ভোটে হারিয়ে জিতেছেন তিনি। বর্তমানে তিনি বিহারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন।
নীতীন নবীনের রাজনৈতিক জীবনে এই নতুন অধ্যায় বিজেপির ভবিষ্যৎ দিশায় বড় ভূমিকা রাখবে বলেই মনে করছে বিশ্লেষকদের মহল। নাড্ডার পর দলের নেতৃত্ব কোন পথে যাবে, তা এখন দেখার অপেক্ষা।