পেট্রোল-ডিজেলের আকালে কি ফের ফিরবে করোনাকালের সেই গৃহবন্দি দশা? শুক্রবার সেই সমস্ত জল্পনা ও আশঙ্কায় জল ঢেলে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।

নির্মলা সীতারামন
শেষ আপডেট: 27 March 2026 16:06
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ায় যুদ্ধের (Middle East) আবহে ভারতে ‘এনার্জি লকডাউন’(Energy Lockdown) বা জ্বালানি সংকটের জল্পনা তুঙ্গে উঠেছে। ঘরে ঘরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রান্নার গ্যাস কি পাওয়া যাবে না? পেট্রোল-ডিজেলের আকালে কি ফের ফিরবে করোনাকালের সেই গৃহবন্দি দশা? শুক্রবার সেই সমস্ত জল্পনা ও আশঙ্কায় জল ঢেলে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। স্পষ্ট জানিয়ে দিলেন, দেশে জ্বালানির কোনও ঘাটতি হবে না এবং আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে আপাতত তেলের দামও বাড়ানো হবে না।
মমতার তোপ ও কেন্দ্রের পাল্টা
এদিন পশ্চিমবঙ্গ-সহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। তার আগেই এই ‘লকডাউন’ বিতর্ক রাজনৈতিক মাত্রা পায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনাকালের লকডাউনের প্রসঙ্গ টেনে কেন্দ্রকে বিঁধতেই পাল্টা আসরে নামেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর কটাক্ষ, “পশ্চিমবঙ্গে পরিস্থিতি বিচিত্র। মুখ্যমন্ত্রী ভোটে হারছেন বুঝেই মানুষের মধ্যে ভয় তৈরি করতে যা খুশি বলছেন।”
জ্বালানি নিয়ন্ত্রণে কেন্দ্রের বড় পদক্ষেপ
শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টার্বাইন ফুয়েল (ATF)-এর কোনও আকাল হবে না। আমজনতাকে স্বস্তি দিতে একগুচ্ছ পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি.
লকডাউন স্রেফ গুজব
সবথেকে বড় কথা, আমজনতাকে স্বস্তি দিয়ে নির্মলা সীতারামন জানান, ‘লকডাউন’ নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আশ্বস্ত করেন যে, কোভিডের মতো কোনও লকডাউন জারি করার পরিকল্পনা সরকারের নেই। রাজনৈতিক মহলের একাংশ স্রেফ আতঙ্ক ছড়াতেই এই ধরনের মন্তব্য করছে বলে তোপ দাগেন তিনি।