প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পতাকা উত্তোলন থেকে আটকানোর জন্য ১১ কোটি টাকার প্রস্তাব। খলিস্থানি জঙ্গি পান্নুনের বিরুদ্ধে মামলা দায়ের করল এনআইএ।

পান্নুন (ফাইল ছবি)
শেষ আপডেট: 24 September 2025 07:57
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাতীয় পতাকা উত্তোলন থেকে আটকাতে ১১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন। খবর পেয়ে তাঁর বিরুদ্ধে নতুন মামলা দায়ের করল এন আই এ। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী পান্নুন এর আগেও একাধিক দেশ বিরোধী কাজ করেছেন। বর্তমানে অভিযোগ রয়েছে, তিনি ভারতবিরোধী প্রচার চালাচ্ছেন এবং শিখ সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি করছেন।
এনআইএ-র এফআইআরে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-র জেনারেল কাউন্সেল পান্নুন পাকিস্তানের লহৌর প্রেস ক্লাবে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এই উস্কানিমূলক ঘোষণা করেন। ঘটনাটি ঘটে ১০ অগস্ট। এ সময় ওয়াশিংটন থেকে ভিডিও বার্তায় যোগ দেন তিনি এবং স্পষ্ট জানান, যে শিখ সেনারা মোদীকে পতাকা উত্তোলন থেকে আটকাতে পারবেন, তাঁদের তিনি ১১ কোটি টাকা পুরস্কার দেবেন।
এখানেই শেষ নয়, ওই অনুষ্ঠানে পান্নুন একটি নতুন খলিস্তানের মানচিত্রও প্রকাশ করেন। তিনি দাবি করেন, এই খলিস্তানের অন্তর্ভুক্ত হবে পঞ্জাব, দিল্লি, হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশ। আরও অভিযোগ, এসএফজে ইতিমধ্যেই একটি ‘শহিদ জাঠা’ গঠন করেছে, যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালাবে।
এফআইআরে স্পষ্ট বলা হয়েছে, পান্নুনের এই সমস্ত কর্মকাণ্ড ভারতের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তাকে বিপন্ন করছে। পাশাপাশি শিখদের মধ্যে অসন্তোষও ছড়াচ্ছেন তিনি। এনআইএ-র হাতে থাকা প্রমাণে দেখা গিয়েছে, এসএফজের এক্স চ্যানেল থেকে পাওয়া ভিডিওতেও একই ধরনের ঘোষণা করেছিলেন পান্নুন।
মামলাটি দায়ের করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং ইউএপিএ (অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন)-এর বিভিন্ন ধারায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলা দায়ের করেছে বলে জানা যাচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রক তাদের নির্দেশে বলেছে, 'পান্নুন, যিনি ইতিমধ্যেই ঘোষিত সন্ত্রাসবাদী এবং এসএফজের জেনারেল কাউন্সেল, তিনি ১০ অগস্ট লহৌর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন। ওয়াশিংটন থেকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি মূলত পঞ্জাবে ভারতের সার্বভৌমত্ব অস্বীকার করেন এবং খলিস্তানের প্রচার করেন।'
১১ কোটির পুরস্কার ঘোষণার সময় পান্নুন বলেন, ‘দিল্লি বনেগা খলিস্তান’। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই অপরাধের গুরুত্ব, জাতীয় ও আন্তর্জাতিক প্রভাব এবং বৃহত্তর চক্রান্তের দিকটি বিবেচনা করেই এনআইএ-কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তারপর যথোপযুক্ত পদক্ষেপ করে সংস্থা।