যদিও ওই দুই যুবক হেলমেট পরে ছিলেন, কিন্তু সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 14 July 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের বেঙ্গালুরু রুরাল জেলার জাতীয় সড়ক ৬৪৮ (NH 648)-এ এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল ৩:৩০ নাগাদ, ডোড্ডাবল্লাপুর ও দেবনহল্লির মাঝে বিশ্বনাথপুরা স্ট্রেচে। জানা গিয়েছে, মৃত দু’জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি কমলা রঙের হ্যাচব্যাক গাড়ি বেপরোয়াভাবে এসে পিছন থেকে বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কায় দুই আরোহী বাইক থেকে ছিটকে পড়েন। কিন্তু গাড়িটি না থেমে বাইকটিকে প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
যদিও ওই দুই যুবক হেলমেট পরে ছিলেন, কিন্তু সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। সেই সময়ে রাস্তার ওই দিক দিয়ে আসা আরও এক বাইকচালক অল্পের জন্য প্রাণে বাঁচেন।
ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্বনাথপুরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক চালককে ধরতে শুরু হয়েছে তৎপরতা।
উল্লেখ্য, NH 648 হল স্যাটেলাইট টাউন রিং রোড (Satellite Town Ring Road - STRR)-এর অংশ, যা বেঙ্গালুরুর চারপাশের স্যাটেলাইট শহরগুলোকে সংযুক্ত করে। এর মাধ্যমে মূল শহরের মধ্যে না ঢুকেই দূরপাল্লার গাড়ি ঘুরে যেতে পারে।
এই রাস্তাটি ডব্বাসপেট থেকে হোসুর পর্যন্ত বিস্তৃত, যার মধ্যে রয়েছে ডোড্ডাবল্লাপুর, দেবনহল্লি, সারজাপুর ও বাগলুরের মতো গুরুত্বপূর্ণ এলাকা। সম্প্রতি ডব্বাসপেট থেকে হোসকোটে অংশটি STRR-এর অধীনে উদ্বোধন হয়েছে।
সম্প্রতি ন্যাশলান হাইওয়ে এলাকায় আরও দু’টি বড় দুর্ঘটনা ঘটেছে। মে মাসে, বেঙ্গালুরু সংলগ্ন এলাকায় একটি কর্নাটক সরকার পরিচালিত বাস নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে যায়। বাসটি একাধিক টু-হুইলারকে ধাক্কা মারে। ঘটনায় এক পুলিশ আধিকারিক প্রাণ হারান। আবার, ফেব্রুয়ারিতে, ধারওয়াদ থেকে বিজাপুরগামী একটি গাড়ি হাইওয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়, এবং তাতে থাকা দুই ব্যক্তি গাড়ি থেকে ছিটকে পড়ে মারা যান।