Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোনও শরিক দলের নেতা নয়! নতুন উপ রাষ্ট্রপতি নিয়ে অন্য অঙ্ক রয়েছে বিজেপির

সংবিধান অনুযায়ী, উপরাষ্ট্রপতি পদ খালি রাখা যায় না। তাই দ্রুত নির্বাচন করতে হবে। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু হয়েছে। 

কোনও শরিক দলের নেতা নয়! নতুন উপ রাষ্ট্রপতি নিয়ে অন্য অঙ্ক রয়েছে বিজেপির

অমিত শাহ এবং নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 July 2025 10:30

দ্য ওয়াল ব্যুরো: উপ রাষ্ট্রপতি (Vice President) পদ থেকে জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) আচমকা ইস্তফার পর এখন মূল প্রশ্ন দুটি। এক - পদত্যাগের আসল কারণ কী, আর দুই - পরবর্তী উপ রাষ্ট্রপতি কে হবেন। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল, সব জায়গায় এই আলোচনা চলছে। তবে সূত্রের খবর, নতুন উপ রাষ্ট্রপতি নিয়ে ইতিমধ্যে অঙ্ক কষতে শুরু করেছে বিজেপি (BJP)।

প্রথম দিকে জল্পনা ছিল, এনডিএ-র (NDA) কোনও বর্ষীয়ান শরিক নেতা এই পদের দায়িত্ব পেতে পারেন। কিন্তু গেরুয়া শিবির সূত্রে ইঙ্গিত মিলছে — কোনও শরিক নেতা নয়, বিজেপির শীর্ষ নেতৃত্বের কেউই নতুন উপ রাষ্ট্রপতি হতে চলেছেন। সূত্রের খবর, উপ রাষ্ট্রপতির মতো গুরুদায়িত্বে এমন কাউকে বসানো হবে, যিনি সরাসরি বিজেপির মূল ভাবধারার সঙ্গে যুক্ত। অর্থাৎ, বিজেপির আস্থাভাজন এবং ঘনিষ্ঠ নেতা।

এর আগে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছিল রাজ্যসভার বর্তমান ডেপুটি স্পিকার হরিবংশ নারায়ণ সিংয়ের নাম। বিহার ভোটকে মাথায় রেখে রাজনৈতিক মহলের একাংশ নীতীশ কুমার বা বর্ষীয়ান জেডিইউ নেতা রাম নাথ ঠাকুরের নামও ভাবতে শুরু করেছিল। কিন্তু বিজেপির অন্দরমহলের খবর, রাজ্যসভার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদ শরিকদের হাতে ছাড়তে রাজি নয় দল। কারণ সংসদীয় রাজনীতিতে এই পদ অত্যন্ত ক্ষমতাশালী।

এদিকে সংবিধান অনুযায়ী, উপরাষ্ট্রপতি পদ খালি রাখা যায় না। তাই দ্রুত নির্বাচন করতে হবে। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু হয়েছে। বুধবারই নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করা হবে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটে অংশ নেওয়া সাংসদদের নিয়ে ‘ইলেক্টোরাল কলেজ’ গঠন করা হচ্ছে। লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়েই গঠিত হয় এই ভোটার তালিকা। এখনও পর্যন্ত রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নির্ধারিত হয়নি। সেই নিয়েও কাজ চলছে। একইসঙ্গে অতীতের ভোটপ্রক্রিয়ার রেফারেন্স খতিয়ে দেখছে কমিশন।

সুতরাং, সবদিক মিলিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ফের জমে উঠছে দিল্লির রাজনীতি। এবার দেখার, বিজেপি কাকে বেছে নেয় উপ রাষ্ট্রপতি পদের জন্য।


```