তদন্তকারীরা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ ফরিদাবাদের এশিয়ান হাসপাতালের কাছে শেষবার দেখা গেছিল গাড়িটিকে।

ফাইল ছবি
শেষ আপডেট: 11 November 2025 18:35
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (New Delhi) লালকেল্লার (Red Fort) কাছে ভয়াবহ বিস্ফোরণের (Blast) আগে ঘাতক গাড়ি এবং গাড়ির চালক কোথায় কোথায় ছিলেন তা অনেক সিসিটিভি-তে (CCTV Footage) ধরা পড়েছে। সম্প্রতি সামনে আসে একটি ভিডিও যেখানে গাড়িটিকে নিয়ে দূষণ পরীক্ষা (PUC টেস্ট) করাতে দেখা যায় তিন অভিযুক্তকে। এবার আরও এক নতুন সিসিটিভি ফুটেজ সামনে এল।
এবার দেখা গেছে সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী ডা. উমর মহম্মদ চালাচ্ছেন সাদা রঙের হুন্ডাই আই-২০ গাড়িটি (Hyundai i20)। সোমবার সকালে বাদরপুর টোল প্লাজার (Toll Plaza) ওই ফুটেজে স্পষ্ট দেখা যায়, সকাল ৮টা ১৩ মিনিট নাগাদ মুখে মাস্ক পরে টোল রসিদ নিচ্ছেন উমর। এই গাড়িটিই পরে বিস্ফোরিত হয়, যাতে প্রাণ হারান অন্তত ১৩ জন, আহত হন ২০ জনেরও বেশি।
তদন্তকারীরা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ ফরিদাবাদের এশিয়ান হাসপাতালের কাছে শেষবার দেখা গেছিল গাড়িটিকে। তার পর সেটি বাদরপুর টোল প্লাজা (Toll Plaza) পেরোয় সকাল ৮টা ১৩ মিনিটে, ওখলা পৌঁছয় ৮টা ২০ মিনিট নাগাদ। এরপর দুপুর ৩টা ১৯ মিনিটে লালকেল্লার পাশের পার্কিং লটে গাড়িটি প্রবেশ করে এবং প্রায় তিন ঘণ্টা পর, সন্ধে ৬টা ৩০ মিনিটে সেখান থেকে বেরোয়।
পুলিশ সূত্রে খবর, গাড়ি পার্ক থাকা অবস্থাতেও এক মুহূর্তের জন্য বাইরে বের হননি উমর। ধারণা, বিস্ফোরক বোঝাই গাড়িটি নিয়ে তিনি ভয় পাচ্ছিলেন - কোনওভাবে তল্লাশিতে ধরা পড়ে যাবে কি না, সেই আশঙ্কায় ছিলেন।
ঠিক ৬টা ৫২ মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে, নেতাজি সুভাষ মার্গে ধীরে চলতে চলতে গাড়িটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, মুহূর্তের মধ্যে গাড়িটি ছিন্নভিন্ন হয়ে যায়, আশেপাশে পড়ে যায় দেহাবশেষ ও ধ্বংসস্তূপ। আশেপাশের ৯টি যানবাহন - যার মধ্যে ছিল ছ’টি গাড়ি ও দুটি ই-রিকশা, আগুনে পুড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে মঙ্গলবার সকালেই প্রকাশ্যে আসে ফরিদাবাদ থেকে দিল্লি পর্যন্ত উমর ও ওই আই-২০-র একাধিক যাত্রাপথের ভিডিও ফুটেজ। পাশাপাশি, ২৯ অক্টোবর তিন যুবকের ওই গাড়ির দূষণ পরীক্ষা (PUC) করানোর সিসিটিভি ফুটেজও মিলেছে, যেখানে তারিক মালিক নামে এক সন্দেহভাজনকে দেখা গেছে।
উল্লেখ্য, সোমবার সন্ধেয় এই বিস্ফোরণের ঠিক কয়েক ঘণ্টা আগে দিল্লি লাগোয়া ফরিদাবাদ থেকে উদ্ধার হয় প্রায় ২,৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যা বিস্ফোরকে ব্যবহৃত হয়েছিল বলে পুলিশের দাবি।