বিহার বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ জয়সওয়াল আগেই বলেছিলেন, এনডিএ জোটে কেউ আর বড় ভাই নয়। এবার ভোটে এনডিএ জোট লড়াই করছে।

মোদী ও নীতীশ
শেষ আপডেট: 12 October 2025 19:13
দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের (Bihar Election) আগে এনডিএ (NDA) শিবিরে আসন সমঝোতা অবশেষে চূড়ান্ত হল (NDA Seat Sharing)। রাজ্যের ২৪৩টি আসনের ভাগাভাগির ছবি প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বিহার প্রভাবশালী নেতা ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।
তাঁর এক্স (আগের টুইটার) পোস্টে তিনি জানান, বিজেপি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) জনতা দল (ইউনাইটেড), দুই দলই লড়বে ১০১টি করে আসনে।
এদিকে, চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) পেয়েছে ২৯টি আসন। উপেন্দ্র কুশওহার রাষ্ট্রীয় লোক মোর্চা ও জিতন রাম মাঞ্জির হিন্দুস্তান আওয়াম মোর্চা (HAM)— এই দু'টি ছোট সহযোগী দলকে দেওয়া হয়েছে ৬টি করে আসন।
ধর্মেন্দ্র প্রধান জানান, “বিহারে এনডিএ ঐক্যবদ্ধভাবে ভোটে নামছে। উন্নয়ন ও স্থিতিশীল নেতৃত্বই হবে এই নির্বাচনের মূল বার্তা।”
বিহার বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ জয়সওয়াল আগেই বলেছিলেন, এনডিএ জোটে কেউ আর বড় ভাই নয়। এবার ভোটে এনডিএ জোট লড়াই করছে। কোনও বড়ো ভাই ছোটো ভাই নেই। স্পষ্টই ইঙ্গিত দিয়েছিলেন নীতীশ কুমার সম্পর্কের দিকে।
বিহারে যখনই নীতীশ কুমারের সঙ্গে বিজেপির জোট বেঁধে নির্বাচন হয়েছে, তখনই বরাবর নীতীশ কুমারের দলকে বড় ভাইয়ের মর্যাদা দেওয়া হয়েছে। জোট রাজনীতিতে যা দস্তুর। এবার আরও বেশি করেই এই মর্যাদা দেওয়ার কথা। কারণ বিজেপির কেন্দ্রীয় সরকারের টিকি বাঁধা আছে নীতীশ কুমারের হাতে। তিনি সুতো ধরে টান দিলেই সরকারের পতন ঘটবে।
অতএব তাঁকে তুষ্ট করতে চেষ্টার কোনও কসুর করছে না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। অথচ যখন সব থেকে বেশি তুষ্ট করা দরকার, সেই তখনই খোদ রাজ্য সভাপতি সমান আসন রফার কথা বলেন।
এই বিবৃতিকে পুঁজি করে ময়দানে নামে আরজেডি। দলের মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, বিজেপি এবং জেডিইউয়ের মধ্যে বিবাদ শুরু হয়ে গিয়েছে। আসলে বার্তা দেওয়া হচ্ছে ভোটে জয়ী হলেও এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন না নীতীশ কুমার।
তিওয়ারির কটাক্ষ, বিজেপি এবং সংযুক্ত জনতা দল আন্দাজ করে নিয়েছে তাদের ফিরে আসার কোনও সম্ভাবনা নেই। এবার ভরাডুবি হবে এনডিএ জোটের। সরকার গড়বে মহাজোট।