সূত্রের খবর, ‘প্রতি ছ’জন বিধায়ক পিছু এক জন মন্ত্রী’— এই ফর্মুলাতেই এগোতে রাজি হয়েছে বিজেপি (BJP)–জেডিইউ (JDU) জোট। প্রথম দফার আলোচনা ইতিমধ্যেই সেরে ফেলেছে দুই দল।

নরেন্দ্র মোদী ও নীতীশ কুমার
শেষ আপডেট: 16 November 2025 16:42
দ্য ওয়াল ব্যুরো: বিহারে এনডিএ সরকার (Bihar Election) গঠনের নেপথ্যে শুরু হয়েছে জোর কদমে দর-কষাকষি। সূত্রের খবর, ‘প্রতি ছ’জন বিধায়ক পিছু এক জন মন্ত্রী’— এই ফর্মুলাতেই এগোতে রাজি হয়েছে বিজেপি (BJP)–জেডিইউ (JDU) জোট। প্রথম দফার আলোচনা ইতিমধ্যেই সেরে ফেলেছে দুই দল।
দিল্লিতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে আজ পাটনায় ফিরছেন জেডিইউ-র কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে তাঁর আলোচনা শেষে দলীয় বৈঠকের প্রস্তুতি শুরু হবে। জেডিইউ আইনসভার দলীয় বৈঠক ডাকা হতে পারে আগামিকালই। মোটামুটি ঠিক হয়ে গিয়েছে— ১৮ নভেম্বরের মধ্যেই এনডিএ-র নেতা নির্বাচন প্রক্রিয়া শেষ করা হবে।
বিজেপি এখন ছোট সঙ্গীদের সঙ্গে বসে তাদের মন্ত্রিত্বের অংশ চূড়ান্ত করবে। হাম-নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝি দিল্লিতে গিয়ে দেখা করবেন অমিত শাহের সঙ্গে। একই কারণে রাজধানীর পথে রওনা দিয়েছেন উপেন্দ্র কুশওয়াহা। আরএলজেপি প্রধান চিরাগ পাসবানও আজই দিল্লি পৌঁছবেন। তিনটি দল— আরএলজেপি, হাম ও আরএলএম-কে নিয়ে এক দফা যৌথ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে নির্বাচন কমিশন আজই ১৮তম বিহার বিধানসভার ফলাফল রাজ্যপাল রাজেন্দ্র অরলেকারের হাতে তুলে দেবে। তার পরেই নতুন বিধানসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে এবং মডেল কোড অফ কন্ডাক্ট তুলে নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সোমবার মন্ত্রিসভা বৈঠক ডেকেছেন। ১৭তম বিধানসভা ভঙ্গের অনুমোদন নিয়ে রাজভবনে গিয়ে তিনি ইস্তফা দেবেন— এমনটাই রাজনৈতিক মহলের জোর জল্পনা। এরপরই এনডিএ আনুষ্ঠানিক ভাবে সরকার গঠনের দাবি জানাবে।
শপথ গ্রহণের প্রস্তুতিও জোরকদমে চলছে। পাটনার গান্ধী ময়দানে অনুষ্ঠান আয়োজনের কাজ শুরু হয়েছে। ১৯ বা ২০ নভেম্বর— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচির উপর নির্ভর করে শপথ গ্রহণ হতে পারে। বিজেপি-শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রীরও উপস্থিত থাকার কথা।
এনডিএ-র (NDA) ঝড়ে রীতিমতো উড়ে গিয়েছে বিরোধীরা। বিজেপি এক লাফে ৭৪ থেকে ৮৯— অন্যদিকে নীতীশ কুমারের জেডিইউ ৪৩ থেকে সরাসরি ৮৫-এ। ২৪৩ সদস্যের বিধানসভায় দুই সঙ্গীর প্রায় ৮৫ শতাংশ স্ট্রাইক রেট এনডিএ-কে দিয়েছে স্বচ্ছ, শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা।
বিরোধী শিবিরে একমাত্র স্বস্তির হাওয়া তেজস্বী যাদবের আসন রাঘোপুরে। মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে লড়াই করা তেজস্বী প্রায় ১৪ হাজার ৫৩২ ভোটে হারিয়েছেন বিজেপির সতীশ কুমারকে।
ভোট শেয়ারে অবশ্য আরজেডি এগিয়ে। বিজেপি, জেডিইউ-র যেখানে ২০.৯০ এবং ১৮.৯২ শতাংশ। সেখানে আরজেডি-র ২২.৭৬ শতাংশ।