তাঁর বারাণসীর বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। গোটা শহর জুড়ে জারি হয়েছে কড়া সতর্কতা। পুলিশ ও আধা সেনার টহল বাড়ানো হয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 11 September 2025 11:30
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বৃহস্পতিবার সকালে তাঁর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে গিযেছেন। তার আগে সকালে উত্তর প্রদেশ কংগ্রেসের সভাপতি (Congress President) অজয় রাইকে গৃহবন্দি করেছে রাজ্য পুলিশ (State Police)। তাঁর বারাণসীর বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। গোটা শহর জুড়ে জারি হয়েছে কড়া সতর্কতা। পুলিশ ও আধা সেনার টহল বাড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রীর বারাণসী সফরের প্রধান কর্মসূচি মরিশাসের প্রেসিডেন্ট নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠক। ৯ থেকে ১৬ সেপ্টেম্বর তিনি ভারতের বিভিন্ন তীর্থ ক্ষেত্রে যাবেন। বারাণসীতে তাঁর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সেখান তিনি উত্তরাখণ্ড গিয়ে আকাশ থেকে দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শন করবেন।
এমন দিনেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে উত্তর প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, মোদী জমানায় গণতন্ত্র বিপন্ন। সম্প্রতি রায়বেরলিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর গাড়ির কনভয় আটকানোর চেষ্টা করেন উত্তরপ্রদেশের বিজেপি সরকারের এক মন্ত্রী ও তাঁর সমর্থকেরা। রায়বেরলি রাহুলের নির্বাচনী কেন্দ্র। কংগ্রেসের অভিযোগ সেখানেও নিরাপদ নন লোকসভার বিরোধী দলনেতা।
ওই ঘটনার প্রতিবাদে মোদীর বিরুদ্ধে বিক্ষোভের কর্মসূচি নেয় কংগ্রেস। বারাণসীতেই বাড়ি প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাইয়ের। বৃহস্পতিবার সাত সকালে পুলিশ তাঁর বাড়ি ঘিরে ফেলে। পুলিশ অবশ্য গৃহবন্দি করার কথা স্বীকার করেনি।