আরব দুনিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালী নিয়ে ফোনে কথা বললেন নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প। তেল সরবরাহ, শান্তি ও কূটনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

ছবি: এআই
শেষ আপডেট: 24 March 2026 20:15
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধের উত্তাপে ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে আরব দুনিয়া। ইরানের সিদ্ধান্তে বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালী, ফলে বিশ্বজুড়ে তেল পরিবহণে তৈরি হয়েছে বড়সড় সঙ্কট। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে, কারণ হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের বহু দেশে জ্বালানি সরবরাহ হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হরমুজ প্রণালী (Hormuz Strait) ও আরব দুনিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েই দুই রাষ্ট্রনেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্গিয়ো গর এদিন এক্স হ্যান্ডলে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং আরব দুনিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষভাবে হরমুজ প্রণালী খোলা রাখার প্রয়োজনীয়তা নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ঘটনার সূত্রপাত গত ২৮ ফেব্রুয়ারি। সেদিন আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানে বড়সড় আঘাত হানে। সেই হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের। এরপরই পালটা আক্রমণে নামেন তেহরান। আরব দুনিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা শুরু করে ইরান। পাশাপাশি কৌশলগতভাবে বন্ধ করে দেওয়া হয় হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের এক বড় অংশের তেল সরবরাহ হয়। ফলে জ্বালানি সঙ্কটে পড়ে একাধিক দেশ।
এর আগের দিন সংসদে দাঁড়িয়ে আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, পশ্চিম এশিয়ার এই সংঘাত ভারতের অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থার উপর প্রভাব ফেলেছে এবং একাধিক অপ্রত্যাশিত চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে পরিস্থিতির উপর সরকারের কড়া নজর রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, আতঙ্কের কোনও কারণ নেই এবং হরমুজ প্রণালী দিয়েই তেল আমদানির ব্যবস্থা চালু রাখতে ভারত সচেষ্ট রয়েছে। সংসদে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, ভারত সর্বদা শান্তির পক্ষে এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমেই এই সমস্যার সমাধান হওয়া উচিত।
এই আবহেই ট্রাম্প-মোদী ফোনালাপ নতুন তাৎপর্য বহন করছে। কথোপকথনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও এক্স হ্যান্ডলে লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করেছিলেন এবং আরব দুনিয়ার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি জানান, ভারত যত দ্রুত সম্ভব উত্তেজনা হ্রাস ও শান্তি পুনরুদ্ধারের পক্ষে। হরমুজ প্রণালী উন্মুক্ত, সুরক্ষিত ও সহজগম্য রাখা গোটা বিশ্বের জন্য অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়াসে ভারত সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
উল্লেখযোগ্যভাবে, এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ হয়তো শেষের পথে। সোমবার তিনি দাবি করেন, তেহরানের সঙ্গে ইতিমধ্যেই ‘ফলপ্রসূ’ আলোচনা শুরু করেছে তাঁর প্রশাসন, যা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।