২০২১ সালের ২২ অগস্ট মণিপুরের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। সেই দায়িত্ব পালন করেন ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে, ২০২২ সালে, বাংলার রাজ্যপাল পদেও অতিরিক্ত দায়িত্ব নেন তিনি।
.jpeg.webp)
নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন।
শেষ আপডেট: 15 August 2025 22:09
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের দিনেই নিভে গেল এক অভিজ্ঞ রাজনীতিকের প্রদীপ। প্রয়াত হলেন নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন (Nagaland Governor, La Ganesan)। বয়স হয়েছিল ৮০। অতীতে পশ্চিমবাংলাতেও (west bengal) কিছুদিনের জন্য অস্থায়ী হিসেবে রাজ্যপালের দায়িত্ব সামলেছিলেন তিনি।
শুক্রবার চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক দিন আগে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলেও শেষরক্ষা হল না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মাধ্যমে শোকপ্রকাশ করে তাঁকে ‘নিষ্ঠাবান জাতীয়তাবাদী’ আখ্যা দিয়েছেন। লিখেছেন, “উনি তামিলনাড়ুতে বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে কঠোর শ্রম করেছিলেন। তামিল সংস্কৃতির প্রতিও তিনি গভীর আবেগপ্রবণ ছিলেন। ওঁর পরিবার ও অনুরাগীদের সহমর্মিতা জানাই। ওম শান্তি।”
লা গণেশনের রাজনৈতিক ও সাংবিধানিক জীবনের পথচলা দীর্ঘ। ২০২১ সালের ২২ অগস্ট মণিপুরের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। সেই দায়িত্ব পালন করেন ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে, ২০২২ সালে, বাংলার রাজ্যপাল পদেও অতিরিক্ত দায়িত্ব নেন তিনি। এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী হওয়ার জন্য জগদীপ ধনখড় রাজ্যপালের পদ ছাড়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নেন লা গণেশন। সিভি আনন্দ বোস দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত রাজভবনের দায়িত্ব সামলান তিনি।
এরপর ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে শপথ নেন। সাংবিধানিক দায়িত্বের পাশাপাশি লা গণেশন ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। দীর্ঘ সময় বিজেপিতে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন, ছিলেন দলের জাতীয় সম্পাদক ও সহ-সভাপতি।
গত ৮ অগস্ট বাড়িতে পড়ে গিয়ে সংজ্ঞা হারান তিনি। মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। স্বাধীনতা দিবসের সকালেই তাঁর জীবনযাত্রার ইতি ঘটে। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া। তামিলনাড়ু থেকে নাগাল্যান্ড , বিস্তৃত এক প্রশাসনিক ও রাজনৈতিক যাত্রার সমাপ্তি ঘটল অশীতিপর এই নেতা ও প্রশাসকের।