জলগাঁও পুলিশ জানিয়েছে, মোট আটজনকে গ্রেফতার করে তাদের মধ্যে চার জনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

মৃত যুবক
শেষ আপডেট: 14 August 2025 15:26
দ্য ওয়াল ব্যুরো: কফি শপে এক তরুণীর সঙ্গে কথা বলার অপরাধে ২১ বছরের এক মুসলিম যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃতের নাম সুলেমান রহিম খান। দু'দিন আগে জলগাঁও জেলার জামনের একটি কফি শপে ১৭ বছরের এক তরুণীর সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। অভিযোগ, ওই দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় কয়েকজন যুবক। কফি শপেই শুরু হয় বচসা। এরপর সুলেমান এবং ওই তরুণীকে অনুসরণ করে অন্যত্র গিয়ে ফের চড়াও হয় অভিযুক্তরা। সেখানেই তাঁকে এলোপাথাড়ি মারধর করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় সুলেমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁর বাবা-মা। তবে মাথায় মারাত্মক চোট পাওয়ায় চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। মৃতের বাবা অভিযোগ করে বলেন, 'আমার ছেলেকে খুবই নৃশংসভাবে মারা হয়েছে। সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল।'
তিনি আরও জানান, পুলিশে নিয়োগের আবেদনপত্র জমা দিতে জামনে গিয়েছিলেন সুলেমান। ছেলেকে বাঁচাতে গিয়ে তাঁদের পরিবারকেও মারধর করা হয়েছে।
ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভিড় জমতে শুরু করে জামনর থানার সামনে। গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের সতর্ক করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জলগাঁও পুলিশ জানিয়েছে, মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। চার জনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত ছয় জন পলাতক বলে জানা গিয়েছে। তাঁদের ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, সুলেমানের পরিবার ওই গ্রামে বসবাসকারী মাত্র চারটি মুসলিম পরিবারের মধ্যে একটি। ঘটনার তদন্ত চলছে।