ফুকেত-মুম্বই বিমানের ল্যাভেটরিতে ধূমপান করে আতঙ্ক ছড়ালেন এক যাত্রী। বিমান নামতেই মুম্বই বিমানবন্দরে আটক করা হল ২৫ বছরের ওই যুবককে। ভারতের বিমান আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 27 September 2025 14:26
দ্য ওয়াল ব্যুরো: বিমানের ল্যাভেটরিতে ধূমপান। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে আটক যাত্রী। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম ভব্য গৌতম জৈন। বয়স ২৫। দক্ষিণ মুম্বইয়ের নেপিয়েনসি রোড এলাকার বাসিন্দা।
শুক্রবার রাতে ফুকেত-মুম্বই বিমানের ল্যাভাটরি থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পরে বিমান মুম্বই বিমানবন্দরে অবতরণ করলে ভব্যকে আটক করে বিমানবন্দর পুলিশ।
অভিযোগ, বিমানের ল্যাভাটরিতে সিগারেট জ্বালিয়েছিলেন ওই যুবক। ভারতের বিমান চলাচল আইন অনুযায়ী যাত্রীবাহী বিমানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম ভাঙার অভিযোগেই ভব্যের বিরুদ্ধে বিমান আইন অনুযায়ী মামলা রুজু করেছে পুলিশ।
ঘটনার পর যাত্রীদের আতঙ্ক কেটে গেলেও, বিমান সংস্থার তরফে যাত্রী নিরাপত্তা নিয়ে আরও কড়া নজরদারির কথা জানানো হয়েছে।