২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে রাশিয়া ভারতীয় বাজারে নিজেদের প্রভাব দ্রুত বাড়ায়। ২০২১ সালে যেখানে ভারতের অপরিশোধিত তেল আমদানির মাত্র ২ শতাংশ ছিল রাশিয়ার, গত ৪২ মাসে তা গড়ে ৩২ শতাংশে পৌঁছেছে। ২০২৫ সালের জুনে রেকর্ড ৪৫ শতাংশ আমদানি রাশিয়া থেকে এসেছে
.jpeg.webp)
শেষ আপডেট: 28 August 2025 11:50
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক (Donald Trump Tariff) নীতি লাগু হয়েছে ২৭ আগস্ট থেকে। তা কার্যকর হওয়ার আগে ভারতীয় তেল কোম্পানিগুলি রাশিয়া থেকে ডিসকাউন্টে তথা কম মূল্যে যথাসম্ভব অপরিশোধিত তেল আমদানির চেষ্টা করেছে। বিজনেস স্ট্যান্ডার্ডের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান তেল আমদানি থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে মুকেশ আম্বানি-স্বত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে রাশিয়া ভারতীয় বাজারে নিজেদের প্রভাব দ্রুত বাড়ায়। ২০২১ সালে যেখানে ভারতের অপরিশোধিত তেল আমদানির মাত্র ২ শতাংশ ছিল রাশিয়ার, গত ৪২ মাসে তা গড়ে ৩২ শতাংশে পৌঁছেছে। ২০২৫ সালের জুনে রেকর্ড ৪৫ শতাংশ আমদানি রাশিয়া থেকে এসেছে—অর্থাৎ ভারতের বাইরে থেকে আমদানি হওয়া প্রায় প্রতি দুটি ব্যারেলের মধ্যে একটি এসেছে রাশিয়া থেকে।
রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্সের জামনগর রিফাইনারি একাই দেশের সবচেয়ে বড় সুবিধাভোগী। জুন ২০২৫-এ রিফাইনারির দৈনিক ১.৩৬ মিলিয়ন ব্যারেল প্রক্রিয়াকরণ ক্ষমতার মধ্যে ৭৪৬,০০০ ব্যারেলই এসেছে রাশিয়ান তেল থেকে, যা মোট উৎপাদনের অর্ধেকেরও বেশি। জামনগরের মোট উৎপাদনের প্রায় ৬৭ শতাংশই রফতানি হয়েছে, মূলত ইউরোপ ও এশিয়ার বাজারে। রিলায়েন্স একাই দেশের মোট জ্বালানি রফতানির ৭১ শতাংশ (৯১৪,০০০ ব্যারেল প্রতিদিন) সামলেছে।
ওএনজিসি-সহ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দেশীয় বাজারের জন্য নিয়ন্ত্রিত দামে জ্বালানি সরবরাহে বাধ্য হওয়ায় তারা আন্তর্জাতিক বাজারে ততটা লাভ তুলতে পারেনি। অন্যদিকে, রিলায়েন্স ও নায়ারা মূলত ডিজেল, জেট ফুয়েল-এর মতো মিডল ডিস্টিলেট রফতানি করে বিপুল মুনাফা অর্জন করছে। শুধু এই দুই সংস্থাই চলতি বছরে ভারতের মোট জ্বালানি রফতানির ৮১ শতাংশ সামলেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ব্যবস্থা কার্যকর হওয়ার পর ডিসকাউন্টেড রাশিয়ান তেলের সরবরাহে পরিবর্তন আসতে পারে। তবে আপাতত ভারতের বেসরকারি রিফাইনারিগুলিই রাশিয়ার সঙ্গে এই বাণিজ্যের প্রধান সুবিধাভোগী হিসাবে নিজেদের অবস্থান মজবুত রেখেছে।