উত্তরপ্রদেশের সীতাপুরে বাঁদরের দৌরাত্ম্যে মর্মান্তিক মৃত্যু হল দুই মাসের এক শিশুর। ঘরের ভেতর থেকে শিশুকে তুলে নিয়ে গিয়ে জলের ট্যাঙ্কে ফেলে দেয়। ঘটনায় শোক আর ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়।

এআই দিয়ে তৈরি ছবি
শেষ আপডেট: 5 September 2025 17:47
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের সীতাপুরে ঘরের ভেতর থেকে দুই মাসের এক শিশুকে মুখে করে নিয়ে গেল বাঁদরের দল। পরে জল ভর্তি ড্রামে ফেলে দেওয়ায় ডুবে মৃত্যু হয় শিশুটির।
মঙ্গলবার শিশুটিকে খাটে শুইয়ে বাড়ির কাজ সারছিলেন সকলে। শিশুটি নিজের মতো খেলছিল। সেই সময় একদল বাঁদর ঘরে ঢুকে পড়ে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই শিশুটিকে ছিনিয়ে নিয়ে ছাদে উঠে যায়।
অল্প সময়ের মধ্যেই বাড়ির লোকেরা শিশুর কান্নার শব্দ শুনতে পান। ছুটে গিয়ে দেখেন, জলে ভর্তি এক ড্রামে ভেসে রয়েছে শিশুটি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ সেখানে পৌঁছয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বাঁদরের তাণ্ডব চললেও বন দফতর বা প্রশাসনের তরফে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রায় প্রতিদিনই গ্রামে কাউকে না কাউকে আঘাতের শিকার হতে হয়, ফসল ও সম্পত্তির ক্ষতিও হচ্ছে নিয়মিত।
গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই সমস্যার সমাধানে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। না হলে ভবিষ্যতেও এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতেই থাকবে।