গুজব ছড়িয়ে পড়ে যে, আহত বাইক আরোহীদের মধ্যে একজন মারা গিয়েছেন। মুহূর্তে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

ঘটনাস্থল
শেষ আপডেট: 9 November 2025 23:14
দ্য ওয়াল ব্যুরো: এক বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিহারের গোপালগঞ্জে (Bihar Gopalganj) রবিবার সন্ধ্যায় হঠাৎই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে (Bihar Biker's Death Rumours Mob excited)। ছড়িয়ে পড়ে বাইক আরোহীর মৃত্যুর গুজব। মুহূর্তের মধ্যেই ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় (Gopalganj mob violence)। ঘটনাটি ঘটেছে জেলার যাদোপুর চক সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পুলিশের বোলেরো গাড়ির সঙ্গে একটি মোটরবাইকের সংঘর্ষে আহত হন তিন জন বাইক আরোহী। তাঁদের মধ্যে নন্দ কুমার চৌহান, এহসান আলি ও রাজা হুসেন - তিনজনই গোপালগঞ্জের সারেয়া মহল্লার বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও পুলিশ মিলে দ্রুত তাঁদের সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলছে তিনজনেরই।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে সন্ধে সাড়ে ছ’টা থেকে সাতটার মধ্যে। সেই সময় এক পুলিশ বলেরো গাড়ি সার্কেল ইন্সপেক্টরকে নিয়ে পুলিশ লাইনের দিকে যাচ্ছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে একটি স্করপিও দ্রুতগতিতে এসে পড়ে। স্করপিওকে পাশ কাটাতে গিয়ে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের পুলিশ সুপার (SP) অবদেশ দীক্ষিত জানিয়েছেন, “তিনজন যুবক বাইকে যাচ্ছিলেন। সেই সময় পুলিশের একটি গাড়িও রাস্তা দিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে স্করপিও আসতেই বাইকটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় তিনজনই আহত হন, তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
কিন্তু আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, আহত বাইক আরোহীদের মধ্যে একজন মারা গিয়েছেন। মুহূর্তে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। শতাধিক মানুষ রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি।
ঘটনার পর এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি বলেই জানাচ্ছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, গুজব ছড়ানোর উৎস এবং গাড়িতে আগুন ধরানোর ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।