তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu Chief Minister) এমকে স্ট্যালিন (MK Stalin) সোমবার এক বিশেষ প্রকল্প চালু করলেন।

এমকে স্ট্যালিন
শেষ আপডেট: 16 September 2025 08:37
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu Chief Minister) এমকে স্ট্যালিন (MK Stalin) সোমবার এক বিশেষ প্রকল্প চালু করলেন। ‘আনবু করঙ্গল’ অর্থাৎ ভালবাসার হাত নামক এই প্রকল্পের মাধ্যমে মা–বাবা হারানো শিশু, অথবা বাবা–মায়ের একজন মারা যাওয়ার পর অন্যজন যদি আর্থিক বা শারীরিকভাবে সন্তানের দায়িত্ব নিতে অক্ষম হন, তবে সেই সব শিশুদের মাসে ২ হাজার টাকা করে ভাতা (Monthly Aid) দেবে সরকার।
প্রকল্প অনুযায়ী, স্কুলশিক্ষা সম্পূর্ণ হওয়া পর্যন্ত বা ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত প্রতি মাসে ২ হাজার টাকা ভাতা পাবেন এই শিশুরা। প্রথম পর্যায়েই ৬,০৮২ জন শিশুকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। টাকা সরাসরি সরকারি স্কিমের মাধ্যমে তাঁদের হাতে পৌঁছে যাবে।
যেসব পড়ুয়া বাবা–মা দু’জনকেই হারিয়েছে এবং উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে, তাদের জন্যও বিশেষ পদক্ষেপ করল সরকার। ইতিমধ্যেই ১,৩৪০ জন ছাত্রছাত্রীকে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। তারা দ্বাদশ পাশ করে রাজ্যের উদ্যোগে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে।
এই প্রকল্প কার্যকর হচ্ছে জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন) অ্যাক্ট, ২০১৫–এর আওতায়। রাজ্য সরকার জানিয়েছে, আবেদন, অভিযোগ নিষ্পত্তি এবং প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য বিশেষ মোবাইল অ্যাপও চালু করা হয়েছে। অ্যাপটি তৈরি করেছে তামিলনাড়ু ই-গভর্ন্যান্স এজেন্সি।
২০২৬ সালের বিধানসভা ভোটের আগে একাধিক নগদ সাহায্যের কর্মসূচি চালু করেছে ডিএমকে সরকার। ইতিমধ্যেই ‘কালাইঞ্জার মাগালির উরিমাই থোগাই’ প্রকল্পে এক কোটিরও বেশি মহিলাকে মাসে ১,০০০ টাকা করে দিচ্ছে রাজ্য। সরকারি স্কুলের পড়ুয়াদেরও উচ্চশিক্ষায় আর্থিক সাহায্য দিচ্ছে সরকার। এবার সেই তালিকায় যোগ হল এতিম ও অসহায় শিশুদের জন্য নতুন প্রকল্প।
বস্তুত, সম্প্রতি তামিলনাড়ুতে একটি সরকারি কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘উঙ্গালুদান স্ট্যালিন’ (আপনাদের সঙ্গে স্ট্যালিন)। এই নামকরণ ঘিরে বিতর্ক তৈরি হয়। সরকারি প্রকল্পে কেন এমন নামকরণ করা হয়েছে, তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন এআইএডিএমকে সাংসদ সি ভে ষণমুগম। ওই মামলার প্রেক্ষিতেই সরকারি প্রকল্পে বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নাম ও ছবি ব্যবহার না করার নির্দেশ দেয় আদালত।
তবে হাইকোর্ট এ-ও স্পষ্ট করে দেয়, নতুন সরকারি প্রকল্পে কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রকল্পের নামকরণ এবং প্রচারমূলক কর্মসূচির ক্ষেত্রেই এই নির্দেশ।