১৮ মে রাতে অভিযুক্তরা ওই ছাত্রীকে সিনেমা দেখার নাম করে একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তাঁকে একটি ঠান্ডা পানীয় দেওয়া হয়, যাতে মাদক মেশানো ছিল বলে অভিযোগ।

ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 24 May 2025 13:06
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল হয়েছিল দেশ। ধর্ম-বর্ণ-পেশা-জাত নির্বিশেষে দেশবাসী আওয়াজ তুলেছিল ধর্ষণের বিরুদ্ধে। এই অপরাধ কতোটা ঘৃণ্য, বর্বর, তা শিল্পীদের রং-তুলি বা নাটক-কবিতায় ফুটে উঠেছিল। শহর কলকাতা থেকে কানাডা, টরেন্টো থেকে কন্যাকুমারী, বিচার চেয়ে পথে নেমেছিল আট থেকে আশি। প্রায় তিন মাস মাটি কামড়ে পড়ে থাকার পর বিচার প্রক্রিয়ায় গতি আসে। বিচারের শেষ পর্যায় দেখা এখন সময়ের অপেক্ষা। কিন্তু এই থেকে কি দেশ আদৌ কোনও শিক্ষা নিল?
বাস্তব বলছে, না। আরজি করের ঘটনার পরও একাধিক ধর্ষণের ঘটনা হয়েছে দেশে। এবার মহারাষ্ট্রে। মাদক মেশানো পানীয় খাইয়ে ২২ বছর বয়সি এমবিবিএস ছাত্রীকে গণধর্ষণের উঠল অভিযোগ। ১৮ মে-র ঘটনা। অভিযুক্তদের মধ্যে দু'জন তরুণীর সহপাঠী এবং একজন তাঁদের বন্ধু। তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সাঙ্গলির একটি আদালতে তোলা হলে ২৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ছাত্রী কর্নাটকের বেলাগাভির বাসিন্দা এবং সাঙ্গলির একটি মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। অভিযুক্ত তিন যুবক পুণে, সোলাপুর ও সাঙ্গলির বাসিন্দা, বয়স ২০ থেকে ২২-এর মধ্যে।
১৮ মে রাতে অভিযুক্তরা ওই ছাত্রীকে সিনেমা দেখার নাম করে একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তাঁকে একটি ঠান্ডা পানীয় দেওয়া হয়, যাতে মাদক মেশানো ছিল বলে অভিযোগ। সেই পানীয় খাওয়ার পর তরুণীর মাথা ঘুরে যায়, তিনি অসুস্থ বোধ করার কথা জানান। এরপর তিনজন মিলে তাঁকে ধর্ষণ করে এবং ঘটনাটি প্রকাশ করলে চরম পরিণতির হুমকি দেয়।
ঘটনার পর নির্যাতিতা ছাত্রী তাঁর পরিবারকে জানালে তাঁরা সাঙ্গলির বিশ্রামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita)-র গণধর্ষণ এবং অন্যান্য ধারায় মামলা রুজু করে পুলিশ। তিনজনকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়।
পুলিশ জানিয়েছে, তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে এবং মেডিক্যাল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণ বিবরণ জানার চেষ্টা চলছে।