
দিল্লির রাস্তায় দাঁড়িয়ে গাড়ি
শেষ আপডেট: 2 December 2024 12:50
দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কাই সত্যি হল। সোমবার সকাল থেকেই কৃষকদের দাবিদাওয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠল দেশের রাজধানী শহর। এদিন উত্তরপ্রদেশের কৃষকরা মিছিল করে নয়ডা থেকে সংসদ ভবন অভিযানে নামছে। সেই আন্দোলনকে কেন্দ্র করে সকাল থেকেই দিল্লি-নয়ডা সীমান্তে অচলাবস্থা তৈরি হয়েছে।
এদিন সকাল হতেই ধীরে ধীরে ছবিটা পরিষ্কার হয়ে যায়। দেখা যায় সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে কাজে বেরিয়ে চরম হয়রানির শিকার নিত্যযাত্রীরা।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে, কৃষকদের মিছিলের কারণে রাস্তায় দাঁড়িয়ে আছে সারি সারি গাড়ি। দিল্লি এনসিআরের একাধিক জায়গায় তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছ যে দিল্লির গুরুত্বপূর্ণ ১০ টি লেন স্তব্ধ হয়ে গেছে বলে খবর।
যদিও মিছিলের কথা জেনেই আগেভাগে বিকল্প রাস্তার কথা জানিয়েছিল নয়ডা ট্রাফিক পুলিশ। চিল্লা বর্ডার থেকে গ্রেটার নয়ডা অবধি পৌঁছতে বিকল্প রুট হিসাবে সেক্টর ১৪এ ফ্লাইওভার, গোলচক্কর চক, সন্দীপ পেপার মিল চক, ঝুনঝুপুরা চকের রাস্তা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় কিষান পরিষদ, কিষান মজদুর মোর্চা ও সংযুক্ত কিষান মোর্চা এই মিছিলের ডাক দিয়েছে। বিকেপি নেতা সুখবীর খলিফা এই মিছিলের নেতৃত্ব দেবেন। নয়ডার মহামায়া উড়ালপুলের কাছ থেকে মিছিল শুরু হবে। ইতিমধ্যেই সেখানে শয়ে শয়ে ট্রাক্টর নিয়ে হাজির হয়েছেন সমর্থকরা।
এছাড়া মিছিল এড়িয়ে দিল্লি পৌঁছনর জন্য একাধিক বিকল্প রাস্তার কথা জানিয়েছল নয়ডা ট্রাফিক পুলিশ। সেই রাস্তাগুলির মধ্যে রয়েছে, ফিল্ম সিটি ফ্লাইওভার, সেক্টর ১৮ সহ একাধিক রাস্তা। কিন্তু সোমবার সকাল থেকেই একাধিক রাস্তা কৃষকদের মিছিলে রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার লাগাতার চেষ্টা করলেও পরিস্থিতির এখনও কোনও উন্নতি হয়নি বলেই জানা গেছে।
এদিন উত্তরপ্রদেশের কৃষকরা দিল্লি সংলগ্ন নয়ডা থেকে এক মহামিছিল বের করে সংসদ ভবনের উদ্দেশে যাত্রা করবে। পাঁচ দফা দাবির ভিত্তিতেই তাঁদের এই আন্দোলন। যার মধ্যে রয়েছে নতুন কৃষি আইনের অন্তর্গত ক্ষতিপূরণ ও অন্যান্য সুযোগসুবিধা দিতে হবে। কৃষকদের এই মিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই প্রবল যানজটের আশঙ্কা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছিল। সেই আশঙ্কাই সত্যি হল। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই রাজধানী শহরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।