অরুণাচলে ভয়াবহ ভূমিধস! বোল্ডারের বৃষ্টিতে জাতীয় সড়ক অবরুদ্ধ, BRO উদ্ধারকাজে নেমেছে।

অরুণাচল প্রদেশ
শেষ আপডেট: 26 August 2025 18:52
দ্য ওয়াল ব্যুরো: অরুণাচল প্রদেশের দিরাং-এ স্যাপার ক্যাম্প এবং নিউকমাদুমের মধ্যবর্তী বালিাপাড়া-চারিদুয়ার-তাওয়াং (BCT) জাতীয় সড়কে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি, তবে কয়েকটি গাড়ি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
২৪ থেকে ২৫ অগস্টের মধ্যে এই ভূমিধস ঘটেছে। রবিবার পদ্মা হোটেলের কাছে প্রথম ঘটনাটি ঘটে এবং সোমবার সকালে তা আরও ভয়াবহ আকার ধারণ করে। পদ্মা এবং ছেপাড়ার মধ্যবর্তী তিনটি ঝুঁকিপূর্ণ স্থানে পাহাড়ের বড় অংশ ধসে পড়ে। এরপর দুপুরে স্যাপার ক্যাম্পের কাছে আরও একটি বড় ভূমিধসের ফলে BCT জাতীয় সড়কের ১৯১.৭০ কিলোমিটার অংশ পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে।
ঘটনার কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ছে এবং আতঙ্কিত হয়ে মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। পাথর থেকে বাঁচতে কয়েকটি গাড়িকে দ্রুত পেছনের দিকে সরে যেতে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, জাতীয় সড়কের ওপর গাড়িগুলো আটকে আছে এবং দ্রুত গতিতে পাথর পড়ছে। এই ভূমিধসের সময় একটি জিপসি এবং একটি বোলেরো গাড়ি পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, তবে সেগুলোর যাত্রীরা অক্ষত আছেন।
'ইন্ডিয়া টুডে এনই' এর প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১২০ মিটার জাতীয় সড়ক ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে, যার ফলে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তাওয়াং থেকে তেজপুরগামী সব গাড়িকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কারণ পুরো BCT জাতীয় সড়ক এখন আর ব্যবহার করা যাচ্ছে না।
This is scary. Look at the size of the rocks.
pic.twitter.com/5EizOAGojE— Man Aman Singh Chhina (@manaman_chhina) August 26, 2025
দ্রুত উদ্ধারকাজে নেমেছে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)। তারা ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তা পুনরায় চালু করার জন্য কাজ শুরু করেছে। কর্মকর্তারা রাতভর কাজ চালিয়ে রাস্তা পরিষ্কারের চেষ্টা করছেন।
কর্তৃপক্ষ যাত্রীদেরকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই রাস্তা ব্যবহার না করার অনুরোধ করেছে, কারণ অবিরাম বৃষ্টির কারণে আরও ভূমিধসের ঝুঁকি রয়েছে। BRO কর্মকর্তারা এই গুরুত্বপূর্ণ সড়কের যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।