রাহুল গান্ধী ২০১৮ সালে শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন, তার দৃষ্টান্ত দিয়ে শুক্রবার আক্রমণের সুর চওড়া করেছে কংগ্রেস। উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগে ইডি অনিল আম্বানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তলবও করেছে।

৩ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি সংক্রান্ত মামলায় শিল্পপতি অনিল আম্বানিকে আগামী ৫ অগস্ট জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।
শেষ আপডেট: 1 August 2025 12:25
দ্য ওয়াল ব্যুরো: গৌতম আদানি, মুকেশ আম্বানির পর এবার অনিল আম্বানিকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনায় নামল কংগ্রেস। রাহুল গান্ধী ২০১৮ সালে শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন, তার দৃষ্টান্ত দিয়ে শুক্রবার আক্রমণের সুর চওড়া করেছে কংগ্রেস। উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগে ইডি অনিল আম্বানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তলবও করেছে।
এদিন কংগ্রেস এমপি মানিকম ঠাকুর এক্সবার্তায় রাহুল গান্ধীর অতীতের অভিযোগ তুলে ধরে একটি পোস্ট করেছেন। রাহুলের অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী মোদী ও অনিল আম্বানির সমন্বয়ে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ১,৩০,০০০ কোটি টাকার উপর সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গিয়েছে। ঠাকুর লিখেছেন, ২০১৮ সালে আমার নেতা (পড়ুন রাহুল গান্ধী) দেশকে সতর্ক করে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী ও অনিল আম্বানি যৌথভাবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ১,৩০,০০০ হাজার টাকার উপর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে দিয়েছেন। আপনি/আপনারা ভারতের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সেই সময় বেশিরভাগ লোকই হেসেছিল। মাত্র কয়েকজন এই অভিযোগ বিশ্বাস করেছিল, লিখেছে কংগ্রেস নেতা মানিকম ঠাকুর।
কংগ্রেস নেতা আক্রমণের ধার তীব্র করে আরও বলেছেন, ইডি এখন অনিল আম্বানিকে ১৭,০০০ কোটি টাকার ঋণ ফাঁকির অভিযোগ তলব করেছে। তার কয়েকদিন আগেই অনিল আম্বানির ঘরদোর-অফিসে তল্লাশি চালানো হয়। ইনি সেই অনিল আম্বানি, যার ঋণ জর্জরিত কোম্পানিকে রাফাল অফসেট চুক্তির জন্য বাছাই করা হয়েছিল। তাতে বাদ পড়েছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা এইচএএল। মোদী কি এখন তার জবাব দেবেন?
উল্লেখ্য, আম্বানির ভুবনেশ্বর ও পশ্চিমবঙ্গের কিছু জায়গাতেও এদিন ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। ৩ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি সংক্রান্ত মামলায় শিল্পপতি অনিল আম্বানিকে আগামী ৫ অগস্ট জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। সম্প্রতি ইডির তরফে অনিল আম্বানি-ঘনিষ্ঠ কিছু সংস্থার একাধিক অফিস ও স্থানে হানা দেওয়া হয়। সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার হার্ডড্রাইভ সহ বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।