দেশ জুড়ে অল্প বয়সেই হার্ট অ্যাটাকের মতো ঘটনা চিন্তায় ফেলছে চিকিৎসকদের। শুধু হার্টের সমস্যাই নয়, নানারকম লাইফস্টাইল ডিজিজ আঁকড়ে ধরছে মানুষকে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 14 September 2025 17:09
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১০ মিনিটের ব্যবধানে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। অসুস্থতার কারণে ছুটি নিতে অফিসে বসকে মেসেজ পাঠিয়েছিলেন ৪০ বছরের কর্মী। তার কিছুক্ষণ পরেই হৃদরোগে মৃত্যু হয় তাঁর (man dies 10 minutes after sick leave text)।
বস এবং সহকর্মী কে ভি আইয়ার (KV Iyyer) এই খবর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার)-এ শেয়ার করেন। তার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট (viral post)।
ভাইরাল সেই পোস্টে তিনি লেখেন, “আমার সহকর্মী শঙ্কর সকাল ৮টা ৩৭ মিনিটে মেসেজ করে জানিয়েছিল, ‘স্যার, পিঠে প্রচণ্ড ব্যথা, আজ আসতে পারব না। দয়া করে ছুটি দিন।’ এ ধরনের মেসেজ প্রায়ই আসে। আমি রিপ্লাই করলাম, ‘ঠিক আছে, বিশ্রাম নাও।’ এরপর স্বাভাবিকভাবেই দিন চলছিল। সকাল ১১টায় ফোন পেলাম যে, শঙ্কর মারা গেছেন! বিশ্বাস করতে পারিনি। সহকর্মীর সঙ্গে যোগাযোগ করে ঠিকানা জেনে তার বাড়িতে গেলাম। তখনও বিশ্বাস হচ্ছিল না যেন।”
কে ভি আইয়ার আরও জানান, শঙ্করের বয়স মাত্র ৪০। দিব্যি সুস্থ, ফিট বলতে যা বোঝায়, তিনি তাই-ই। ধূমপান বা মদ্যপানের মতো এমন কোনও অভ্যাস তাঁর ছিল না, যা এরকম বিপদের কারণ হয়ে উঠতে পারে হঠাৎ। তিনি বিবাহিত এবং একটি তাঁর সন্তানও রয়েছে।

কে ভি আরও বলেন, “শঙ্করের মৃত্যু হয়েছে হৃদরোগে। অবিশ্বাস্য বিষয় হল, সকাল ৮টা ৩৭-এ তিনি আমাকে ছুটির মেসেজ পাঠিয়েছেন, আর ৮টা ৪৭-এ মারা যান। শেষ মুহূর্তের মাত্র ১০ মিনিট আগে তিনি সম্পূর্ণ সচেতন অবস্থায় মেসেজ করেছেন। এটা ভীষণ শোকের।”
এই হৃদয়বিদারক ঘটনার শেষে তিনি লিখেছেন,“জীবন ভীষণ অনিশ্চিত। তাই আশেপাশের মানুষদের প্রতি সদয় হোন, সুখে থাকুন, কারণ পরের মুহূর্তে কী হতে পারে কেউ জানে না।”
শঙ্করের এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মীরা ও নেটিজেনরা।
দেশ জুড়ে অল্প বয়সেই হার্ট অ্যাটাকের মতো ঘটনা চিন্তায় ফেলছে চিকিৎসকদের। শুধু হার্টের সমস্যাই নয়, নানারকম লাইফস্টাইল ডিজিজ আঁকড়ে ধরছে মানুষকে। বেশিরভাগ ক্ষেত্রেই তাই ওয়াকিবহাল মহল দায়ী করছে আজকের ব্যস্ত জীবনযাত্রাকে। পাশাপাশি ধূমপান, মদ্যপান, জাঙ্ক ফুডের মতো অভ্যাস তো রয়েছেই।
শুধু তরুণ প্রজন্মই নয়, রীতিমতো উদ্বেগের কারণ হয়ে উঠেছে কিশোর-কিশোরীদের হার্ট অ্যাটাকের ঝুঁকিও।