যে ছুরি দিয়ে তাঁর বোন জন্মদিনের কেক কেটেছিলেন, সেই ছুরি দিয়েই খুন করেন।

প্রতীকী ছবি (এআই দিয়ে বানানো)
শেষ আপডেট: 24 August 2025 16:33
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের গুনায় বোনকে উত্যক্ত করার অপরাধে এক যুবককে খুন করলেন আরেক যুবক। যে ছুরি দিয়ে তাঁর বোন জন্মদিনের কেক কেটেছিলেন, সেই ছুরি দিয়েই খুন করেন।
অভিযুক্ত যুবকের নাম অভিষেক টিঙ্গা। অভিযোগ, গুনার অনিল নামে এক যুবক অভিষেকের বোনকে ঘন ঘন ফোন করছিলেন। শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন এবং সোনা-রুপোর গয়না দেওয়ার লোভ দেখিয়েছিলেন। মেয়েটি বিরক্ত হয়ে বিষয়টি দাদাকে জানান। তখনই অভিষেকের মনে জন্মায় প্রতিশোধের আগুন।
পুলিশি তদন্তে উঠে এসেছে, অনিলের ‘অশ্লীল’ ব্যবহারকে অসম্মানজনক বলে মনে করেছিলেন অভিষেক। তাই বন্ধুদের সঙ্গে মিলে খুনের ছক কষে ফেলেন। এমনকি পরিকল্পনা অনুযায়ী অনলাইনে পাঁচটি ধারালো ছুরিও কিনেছিলেন তাঁরা। তারপর থেকে অনিলের গতিবিধির উপর নজর রাখতে থাকেন।
শুক্রবার রাতে অনিল এলাকায় মদ্যপান করছেন খবর পেয়ে অভিষেক ও তাঁর বন্ধুরা মিলে হামলা চালান। তারপর ধারালো ছুরি দিয়ে আঘাত করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পরপরই এলাকা থেকে চম্পট দেন অভিযুক্তরা।
গুনার পুলিশ সুপার অঙ্কিত সোনি জানিয়েছেন, যে ছুরি দিয়ে বোনের জন্মদিনের কেক কাটা হয়েছিল, সেই ছুরিই পরে কাজে লাগান। অভিযুক্তকে গ্রেফতারের জন্য তল্লাশি শুরু হয়েছে।