সতীশের পরিবার অভিযোগ করেছে যে, এই দুর্ঘটনা আসলে রাঘভীর পরিবারের পরিকল্পিত খুন।

নিহত যুবক - সতীশ
শেষ আপডেট: 21 August 2025 16:54
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে মনে হয়েছিল এ নিছক পথদুর্ঘটনা। কিন্তু সময় এগোতে জানা গেল, এই মৃত্যুতে জড়িয়ে রয়েছে গভীর এক ষড়যন্ত্র। আর সেই সবের নেপথ্যে রয়েছে মৃত যুবকেরই স্ত্রীর পরিবার।
মাদুরাই জেলার মেলুরে প্রেমঘটিত বিয়েকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে, স্ত্রীর পরিবারের ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম সতীশ (২২)। তিনি পেশায় কৃষক। তিনি ২৭ বছর বয়সি রাঘভীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। রাঘভী বিধবা ছিলেন এবং তার আগের পক্ষের দুই সন্তান রয়েছে। পরিবারের আপত্তি সত্ত্বেও দু’জনে বিয়ে করেন এবংতা নিয়ে ক্রমাগত হুমকি আসতে থাকায় বাড়ি ছেড়ে ত্রিচিতে চলে যান।
এদিকে রাঘভীর বাবা মেলুর থানায় মেয়ের নিখোঁজ ডায়েরি করেন। এর জেরে রাঘভী বাড়ি ফিরে গেলেও তাঁকে সতীশের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পরে সতীশ অল উইমেন পুলিশ স্টেশনে স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ জানান। পুলিশ উভয় পক্ষকেই ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং যেহেতু দু’জনই প্রাপ্তবয়স্ক, তাই তাঁদের একসঙ্গে যেতে দেওয়া হয়। তবে রাঘভীর দুই সন্তানকে তাঁর বাবার দায়িত্বেই রাখা হয়।
জিজ্ঞাসাবাদের পর সতীশ ও রাঘভী মোটরবাইকে করে ত্রিচি ফিরছিলেন। প্রথমে জানা যায়, সেই সময় একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সতীশের মৃত্যু হয়। রাঘভীকে পুলিশ উদ্ধার করে মেলুর হাসপাতালে ভর্তি করে।
সতীশের পরিবার অভিযোগ করেছে যে, এই দুর্ঘটনা আসলে রাঘভীর পরিবারের পরিকল্পিত খুন। রাঘভীও তদন্তকারীদের জানিয়েছেন, বাইকে ধাক্কা দেওয়ার পর তাঁর আত্মীয়রা গাড়ি থেকে নেমে সতীশকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে এবং তাঁকেও আক্রমণ করার চেষ্টা করে। তখন তিনি অজ্ঞান হওয়ার ভান করলে তারা ভাবে দু’জনই মারা গিয়েছে। হামলাকারীরা এরপর সিঙ্গাপুরে থাকা এক আত্মীয়কে ফোন করে জানায়, তারা রাঘভী ও সতীশ দু’জনকেই মেরে ফেলেছে।
এ ঘটনায় কট্টামপট্টি পুলিশ ইতিমধ্যেই রাঘভীর বাবাকে গ্রেফতার করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।