পুলিশ রোজকার মতোই গাড়ির চেকিং করছিল। সেইসময়েই তিন যুবক মোটরবাইকে আসে। তাঁদের একজনকে দেখে সন্দেহ হয়।

ছবি- গুগল
শেষ আপডেট: 20 May 2025 20:00
দ্য ওয়াল ব্যুরো: সোনা পাচারের জন্য বানানো হল 'কাস্টমাইজড' জ্যাকেট। তবুও শেষরক্ষা হল না। হাতেনাতে ধরল পুলিশ। এই ঘটনাটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ভেলান্থাবলমের (Man caught smuggling gold in custom-made jacket)।
পুলিশ রোজকার মতোই গাড়ির চেকিং করছিল। সেইসময়েই তিন যুবক মোটরবাইকে আসে। তাঁদের একজনকে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর তাঁকে বাইক থেকে নামিয়ে জামা খুলতে বলা হয়। জামা খুলতেই ভিতরে দেখা যায় কালো রঙয়ের জ্যাকেট। সেখান থেকে ৭০ লক্ষ নগদ টাকা এবং ২০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম সাগর। দুই সঙ্গীকে নিয়ে সোনা পাচার করতেই যাচ্ছিল। তবে আগেভাগেই সেই চেষ্টা ব্যর্থ করে কেরালার পুলিশ।
উল্লেখ্য, দুবাই (Dubai) থেকে ভারতে সোনা পাচারে অভিযোগ উঠেছে কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের (Ranya Rao) বিরুদ্ধে। গত ৩ মার্চ বেঙ্গালুরু বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে অভিনেত্রীর ব্যাগ থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করেন গোয়েন্দারা। যার বাজারমূল্য প্রায় ১৩ কোটি টাকা। সূত্রে খবর, রান্যার বাড়ি থেকেও দু'কোটি টাকার সোনার গয়না এবং আড়াই কোটির বেশি নগদ পাওয়া যায়। প্রায় আড়াই মাস বাদে মঙ্গলবার শর্তসাপেক্ষে অভিনেত্রীর জামিন মঞ্জুর করেছে। তবে এখনই জেলমুক্তি হচ্ছে না রান্যার। বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারায় মামলা দায়ের হওয়ায় জেলেই থাকতে হবে তাঁকে।
আদালতের নির্দেশ, জামিন পেলেও দেশের বাইরে যেতে পারবেন না রান্যা। যে অভিযোগে অভিযুক্ত, সেই অপরাধ যাতে দ্বিতীয়বার না ঘটে তা নিয়েও সাবধান করা হয়েছে।
কয়েকদিন আগেই ভারত-বাংলাদেশ সীমান্তে ১ কোটি ১১ লক্ষ টাকার সোনার বিস্কুট (Gold Biscuit) উদ্ধার করে বিএসএফ (BSF)। জানা যায়, সোনাগুলো থাইল্যান্ড (Thailand) থেকে দুবাই হয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। দুই পাচারকারীকে গ্রেফতারও করা হয়।