মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ১০ মে থেকে কলকাতা থেকে জেলা, বিভিন্ন বাজার পরিদর্শন করছেন টাস্ক ফোর্সের (Task force) সদস্যরা।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 20 May 2025 19:39
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১০ মে থেকে কলকাতা ও জেলার বিভিন্ন বাজারে লাগাতার অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স (Task Force)। উদ্দেশ্য একটাই, সীমান্তে তৈরি হওয়া উত্তেজনার আবহে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কালোবাজারি যেন না হয়।
আর সেই অভিযান চালাতে গিয়েই মঙ্গলবার কলকাতার (Kolkata) একাধিক বাজারে একাংশ ব্যবসায়ীর বিরুদ্ধে লুকোচুরির অভিযোগ উঠল। অভিযোগ, টাস্ক ফোর্সের কর্তারা বাজারে এলেই এক রকম দাম। আর তাঁরা ফিরে গেলেই আবার চড়ছে দাম!
মঙ্গলবার মানিকতলা বাজার পরিদর্শন করেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। পরে টাস্ক ফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "আমরা চলে গেলেই ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ রকম ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের জানানোর জন্য ক্রেতাদের আবেদন করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলেই কড়া পদক্ষেপ করা হবে।" যদিও ব্যবসায়ীদের একাংশ টাস্কফোর্সের এই অভিযোগ মানতে নারাজ।
কাশ্মীরের পহেলগামে জঙ্গিরা নিরীহ পর্যটকদের হত্যা করার পর থেকেই ভারত-পাক সীমান্তে (India Pakistna Tention) উত্তেজনা ক্রমেই চড়ে ছিলে। গত ৭ মে মধ্যরাতে ভারতের 'অপারেশন সিঁদুর' প্রত্যাঘাতের পর থেকেই সীমান্তে লাগাতার সংঘর্ষের পথে হাঁটে পাকিস্তান। এই যুদ্ধ যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে বাজারে জিনিস পত্রের দাম উর্ধ্বমুখীর আশঙ্কাও তৈরি হয়েছিল।
এরপরই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ব্যবসায়ীদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছিলেন, 'কালোবাজারি হলে সমস্ত মাল বাজেয়াপ্ত করা হবে'।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ১০ মে থেকে কলকাতা থেকে জেলা, বিভিন্ন বাজার পরিদর্শন করছেন টাস্ক ফোর্সের (Task force) সদস্যরা।