বিশ্ব অর্থনীতির বৃদ্ধিতে চিনের পরই ভারতের অবদান ১৭%, IMF–এর তথ্য তুলে এলন মাস্কের মন্তব্যকে উদ্ধৃত করলেন নির্মলা সীতারামন। বাজেট-পরবর্তী ইয়ুথ ডায়ালগ মঞ্চে বিরোধীদেরও পরোক্ষে কটাক্ষ করলেন অর্থমন্ত্রী।

নির্মলা সীতারামন
শেষ আপডেট: 2 February 2026 12:26
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব অর্থনীতিতে ভারতের (India) ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে ফের জোর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজেট ২০২৬-২৭ (Budget 2026-27) পেশের পর সংসদ ভবনে যুব সংলাপের (Youth Dialogue) মঞ্চে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি তুলে ধরলেন আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের (IMF) সাম্প্রতিক হিসেব। 'ওয়াও' মন্তব্য করলেন ইলন মাস্ক। উদ্ধৃত করে বক্তব্য রাখলেন অর্থমন্ত্রী।
তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় অনেকে হয়তো দেখেছেন, মাস্ক IMF–এর ডেটা শেয়ার করে আশ্চর্য হয়ে লেখেন, “ওয়াও, এটা সত্যি?” অর্থমন্ত্রী বলেন, “আমি ঠিক মনে করতে পারছি না তিনি ‘ওয়াও’ বলেছেন, না অন্য কিছু বলেছেন। কিন্তু IMF–এর তথ্য তুলে তিনি ভারতের অবদান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।”
চিন ২৬%, ভারত ১৭%— দু’দেশ মিলিয়ে ৪৩% বিশ্ব বৃদ্ধি
অর্থমন্ত্রী বিস্তারিত জানান, IMF–এর হিসাব অনুযায়ী চিন (China) বিশ্ব মোট উৎপাদন বৃদ্ধির ২৬% দিচ্ছে, ভারত দিচ্ছে ১৭%। দুই দেশ মিলিয়ে বিশ্ব বৃদ্ধির ৪৩% এসেছে এশিয়া থেকেই। “গ্রাফিকে স্পষ্ট দেখানো হয়েছে— China contributes 26 per cent of global GDP growth, India contributes 17 per cent. দু’য়ে মিলে ৪৩%। তোমাদের মধ্যে কেউ কি সেই টুইট দেখেছ? এটা আসলে কী বার্তা দেয়?” উল্লেখ করেন তিনি।
‘ভারত বিরোধীদেরও বোঝা উচিত’,রাজনৈতিক বার্তা সীতারামনের
মাস্কের মন্তব্যকে উদ্ধৃত করে বিরোধীদের একহাত নেন অর্থমন্ত্রী। তাঁর সাফ বক্তব্য, “আমি তো সংসদে বলবই। কিন্তু দেশের বিরোধীদের (Opposition) বোঝা উচিত, এখন ভারত যে জায়গায় দাঁড়িয়ে— তা শক্তির পরিচয়। আমরা চিনের পরেই। ব্যবধান হয়তো একটু বেশি— ২৬ আর ১৭। কিন্তু আমরা এটা কমিয়ে আনব।”
মাস্কের মন্তব্য, ‘দ্য ব্যালেন্স অফ পাওয়ার ইস চেঞ্জিং’
শনিবার IMF–এর জানুয়ারি ২০২৬–এর পূর্বাভাস থেকে তৈরি একটি চার্ট শেয়ার করেছিলেন মাস্ক। দেখা যায়, ২০২৬ সালে বিশ্ব অর্থনৈতিক বৃদ্ধিতে প্রথম দুই অবদানকারী চিন ও ভারত। এদেশ এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) থেকেও, যেখানে আমেরিকার অবদান ৯.৯%। মাস্ক লিখেছিলেন, ‘দ্য ব্যালেন্স অফ পাওয়ার ইস চেঞ্জিং।’
ট্রাম্প (Donald Trump) চিন ও ভারতের মতো দেশগুলির উপর শুল্ক চাপিয়ে বাণিজ্য দ্বন্দ্ব বাড়িয়েছেন, ঠিক সেই সময়েই মাস্কের এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাজেট পরবর্তী মঞ্চে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা
বাজেট পেশের ঠিক পরেই সংসদ ভবনে প্রায় ৩০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সঙ্গে মুখোমুখি হন অর্থমন্ত্রী। সকলেই লোকসভা গ্যালারি থেকে বাজেট অধিবেশন দেখেছে। সীতারামন জানান, বাজেটের এ বছরকার পরিকল্পনায় অবকাঠামো, টেকসই পর্যটন (Sustainable Tourism) এবং কর্মক্ষম তরুণ প্রজন্ম, এই তিনটি বিষয় গুরুত্ব পেয়েছে।
নিজের নবম বাজেটে ভারতের যুব-চিন্তা থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে ভারতের নতুন অবস্থান-সবটাই সামনে রেখে “ডিউটি-ড্রিভেন রোডম্যাপ”–এর কথাও বলেন সীতারামন।