মঙ্গলবার পাটনায় রাজ্য সভাপতি দিলীপ জয়েশওয়ালের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন ধ্রুপদী সঙ্গীতশিল্পী। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, আলিনগরের দারভাঙ্গা থেকে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি।

ফাইল ছবি
শেষ আপডেট: 14 October 2025 19:38
দ্য ওয়াল ব্যুরো: জল্পনা আগেই ছিল, অবশেষে তা সত্যি হল। মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর (Maithili Thakur Joins BJP)। আগামী নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন (Bihar Elections 2025)। এই তরুণ প্রতিভার কাঁধে ভর করে কি নতুন ভোটারদের ভোট পেতে চাইছে পদ্ম শিবির? রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
মঙ্গলবার পাটনায় রাজ্য সভাপতি দিলীপ জয়েশওয়ালের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন ধ্রুপদী সঙ্গীতশিল্পী। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, আলিনগরের দারভাঙ্গা থেকে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি। একাধিক সাক্ষাৎকারে মৈথিলী নিজেই জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে যোগ দিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে চান (Maithili Thakur Political Entry)।
একাধিক সাক্ষাৎকারে মৈথিলী নিজেই জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে যোগ দিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে চান।
দলে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৈথিলী বলেন, "প্রধানমন্ত্রী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাজে আমি মুগ্ধ। তাঁদের নেতৃত্বে রাজ্য ও দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, সেই যাত্রার অংশ হতে চাই।” তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করি না রাজনৈতিক দলে থাকলেই কেউ রাজনীতিক হয়ে যায়। আমি সমাজের সেবা করতে এসেছি এবং তাঁদের আদর্শ প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।"
প্রধানমন্ত্রীর প্রশংসা, মৈথিলীর ভোটে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ ও শাস্ত্রীয় সংগীত যোগ নির্বাচনে লড়ার একটা জল্পনা তৈরি করেছিল আগেই। কিন্তু বিহার নির্বাচন না লোকসভা বা অন্য কিছু, সেবিষয়ে কারও সম্যক ধারণা ছিল না। ভিতরে ভিতরে সকলেই অঙ্ক মেলানোর চেষ্টা করছিলেন। সাপে বর হয়ে আসে বিজেপির বিহার–প্রভারি বিনোদ তাওড়ের দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের সঙ্গে মৈথিলী ও তাঁর বাবার একটি বৈঠকের ছবি পোস্ট। দুয়ে দুয়ে চার করে নেন সকলে।
আগামী ৬ ও ১১ নভেম্বর দু'দফায় বিহারের ২৪৩টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ আগামী ১৪ নভেম্বর। মঙ্গলবার প্রথম দফায় ৭১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। পরবর্তী তালিকায় মৈথিলী ঠাকুরের নাম থাকে কি না তা নিয়ে তুমুল জল্পনা চলছে।
উল্লেখ্য, এনডিএ জোট আসন ভাগাভাগি করেই বিহার ভোটে লড়বে। বিজেপি এবং নীতীশের জেডিইউ প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০১টি করে আসনে। এলজেপি লড়বে ২৯টি আসনে এবং জোটের অন্যান্য দলগুলি প্রত্যেক ৬টি করে আসন ভাগে পেয়েছে।