বাংলাদেশি অনুপ্রবেশ (Infiltration) ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।

মহুয়া মৈত্র ও অমিত শাহ
শেষ আপডেট: 29 August 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রকে তুলোধনা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি অভিযোগ করেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রক সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ। এর দায়ভার স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীরই নেওয়া উচিত বলে দাবি করেন তিনি।
সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মহুয়ার বক্তব্য আরও বিস্ফোরক হয়ে ওঠে। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “যদি সীমান্তে পাহারার কোনও ব্যবস্থা না থাকে, আর হাজার হাজার মানুষ অবাধে ঢুকে পড়ে, আমাদের জমি দখল করে, নারীদের উপর চোখ তোলে—তাহলে দায়িত্বটা কার?” এখানেই তিনি কড়া মন্তব্য করে বলেন, “যে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তকে সুরক্ষা দিতে অক্ষম, তার মাথা কেটে টেবিলে রাখা উচিত।”
এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক এক মন্তব্যের দিকেও ইঙ্গিত করেন তিনি। মহুয়ার দাবি, প্রধানমন্ত্রী নিজেই অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। তাই স্বরাষ্ট্রমন্ত্রী কেন দায় এড়িয়ে যাচ্ছেন, সেই প্রশ্নই তুলেছেন তিনি।
মহুয়ার ওই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বড়সড় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কৃষ্ণনগরে বিজেপির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে বিজেপি কোনও প্রতিক্রিয়া জানায়নি।
তৃণমূলের প্রথম সারির সাংসদ মহুয়া মৈত্র আগেও বহুবার স্পষ্টভাষী মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন। দলীয় নেতাদের বিরুদ্ধেও তিনি সমালোচনার ঝড় তুলেছিলেন। একসময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তির্যক মন্তব্য করে দলের ভেতরেই অস্বস্তির সৃষ্টি করেছিলেন তিনি। ফলে রাজনৈতিক মহল বলছে, বিতর্ক আর মহুয়া— দু'জন যেন একে অপরের পরিপূরক। এবার তাঁর নিশানায় সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কেন্দ্রীয় নীতির বিরোধিতায় তাঁর অবস্থান বরাবরই তীক্ষ্ণ। বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচক হিসেবে পরিচিত এই সাংসদ ফের একবার স্পষ্ট করলেন, তিনি আপস করতে নারাজ। অনুপ্রবেশ ইস্যুতে তাঁর ক্ষোভ স্পষ্টতই কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশে ছুড়ে দেওয়া।