পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনিই। ছয় মাস আগে বাবার হার্ট সার্জারির জন্য তিনি আরও একটি ঋণ নিয়েছিলেন।

সমাধান তুকারাম নানভারে
শেষ আপডেট: 27 October 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: ফের অনলাইন গেমিং-এর নেশা (online gaming addiction) কাড়ল প্রাণ। গেমের নেশায় মাথায় চেপে বসেছিল বিপুল ঋণের বোঝা (debt)। শেষে সেই দায় থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিলেন মহারাষ্ট্রের (Maharashtra man suicide) বারশির সমাধান তুকারাম নানভারে। গত শুক্রবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
মৃত ৩২ বছর বয়সি সমাধানের বিউটি পার্লার বা সাঁলোর ব্যবসা রয়েছে।
ঘটনার রাতে মা ও বোনদের সঙ্গে একসঙ্গে রাতের খাবার খেয়েছিলেন সমাধান। তারপর অন্য ঘরে গিয়ে শুয়ে পড়েন। ভোররাতে, প্রায় পাঁচটার সময়, মা যখন গরম জল দিতে উঠেছিলেন, তখনই দেখতে পান ঘরের লোহার হুক থেকে ঝুলছে ছেলের দেহ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে অনলাইন ‘চক্রি’ নামের একটি গেমে আসক্ত হয়ে পড়েন সমাধান। প্রথমদিকে ছোটখাট অঙ্কের অর্থ বিনিয়োগ করলেও পরে বিপুল ক্ষতির মুখে পড়েন তিনি। ক্ষতি পুষিয়ে নিতে বন্ধু-বান্ধব, আত্মীয়, ব্যাঙ্ক, বেসরকারি সংস্থা - সব জায়গা থেকে টাকা ধার নেন। কিন্তু ক্রমে ঋণের পরিমাণ এত বেড়ে যায় যে তার চাপ আর সহ্য করতে পারেননি।
সমাধানের মৃত্যু ঘিরে এখন শোকের ছায়া তাঁর পুরো পরিবারে। বাবা-মা, তিন বোন, স্ত্রী ও তিন বছরের ছেলে - এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনিই। ছয় মাস আগে বাবার হার্ট সার্জারির জন্য তিনি আরও একটি ঋণ নিয়েছিলেন। এখন সেই ঋণ শোধ করার মতো আর কোনও উপায় পরিবারের হাতে নেই।
অনলাইন গেমের নেশা নিয়ে মহারাষ্ট্রে ক্রমশ বাড়ছে উদ্বেগ। গত জুনেই ধরাসিব জেলায় ঋণের চাপে আত্মহত্যা করেন এক পরিবারের তিন সদস্য। বারবার এমন ঘটনা ঘটায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
শিবসেনা (UBT) অনলাইন গেম নিষিদ্ধ করার দাবি তুলেছে। রাজ্যের বিধায়ক কৈলাস পাটিল ও সাংসদ ওমরাজে নিম্বলকর এই প্রসঙ্গ তুলেছেন রাজ্য বিধানসভা ও লোকসভায়।
সরকার কিছু অনলাইন গেমের উপর কড়া পদক্ষেপ নিলেও, স্থানীয় নেটওয়ার্কে নতুন নামে এসব গেম আবার চালু হচ্ছে। ফলে সমস্যা থেকে যাচ্ছে আগের মতোই।