গ্রামের ব্রাহ্মণদের চাপেই পুরুষোত্তমকে ‘প্রায়শ্চিত্ত’ হিসেবে অন্নুর পা ধুয়ে সেই জল খেতে বাধ্য করা হয়।

শেষ আপডেট: 12 October 2025 22:02
দ্য ওয়াল ব্যুরো: ব্রাহ্মণ যুবককে ‘অপমান’ করার অভিযোগে এক অনগ্রসর শ্রেণির যুবককে ‘প্রায়শ্চিত্ত’ করতে বাধ্য করা হল - এমনই বিস্ময়কর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দামো জেলার সাতারিয়া গ্রামে। অভিযোগ, ব্রাহ্মণ যুবকের পা ধুয়ে সেই জল খেতে হয়েছে ওই যুবককে (Caste Discrimination)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ওই গ্রামের ব্রাহ্মণ যুবক অন্নু পাণ্ডে মদ বিক্রি করতেন, যা গ্রামে নিষিদ্ধ। এই কারণে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ও ২১০০ টাকা জরিমানা দিতে বলা হয়। অন্নু সেই শাস্তি মেনেও নেন।
কিন্তু ঘটনার মোড় ঘোরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ছবিকে ঘিরে। অভিযোগ, গ্রামেরই বাসিন্দা পুরুষোত্তম কুশওয়াহা এআই দিয়ে তৈরি করা এক ছবিতে অন্নুর গলায় জুতোর মালা ঝুলিয়ে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ব্রাহ্মণ সমাজের দাবি, ওই ছবি শুধু অন্নুকে নয়, গোটা সমাজকে অপমান করেছে।
এর পর গ্রামের ব্রাহ্মণদের চাপেই পুরুষোত্তমকে ‘প্রায়শ্চিত্ত’ হিসেবে অন্নুর পা ধুয়ে সেই জল খেতে বাধ্য করা হয়। অভিযোগ, সঙ্গে ৫১০০ টাকা জরিমানাও করা হয় তাঁর ওপর।
ঘটনার পর পুরুষোত্তম বলেন, তিনি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। অন্যদিকে অন্নু দাবি করেছেন, “এটা আমাদের গ্রামের বিষয়। সব মিটে গেছে। এখন অযথা রাজনীতি হচ্ছে।”
তবে কুশওয়াহা সম্প্রদায়ের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে দামো পুলিশ।