যে ফ্রিজারের ভিতরে দেহটি পাওয়া যায়, সেটিতে ইলেকট্রিক কানেকশন ছিল না। আরও জানা গেছে, গত তিন দিন ধরে দোকানটিও বন্ধ ছিল।

শেষ আপডেট: 2 March 2026 19:58
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের লখনউয়ে নিরামিষ বিরিয়ানি দোকানের ডিপ ফ্রিজারের ভিতর থেকে উদ্ধার হল এক নিখোঁজ ব্যক্তির দেহ (Lucknow freezer body case)। ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Uttar Pradesh crime)।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি ৩৮ বছর বয়সি বিজয় পাল, যিনি শনিবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন।
ঘটনাটি ঘটেছে লখনউয়ের শহরের জিসিআরজি কলেজের ঠিক উল্টো দিকের একটি নিরামিষ বিরিয়ানি দোকানে। রবিবার সকালে দোকানের ডিপ ফ্রিজার থেকে বিজয় পালের দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেটি একটি অস্থায়ী দোকানটি - তিনদিকে টিনের দেওয়াল, কিন্তু কোনও গেট নেই।
যে ফ্রিজারের ভিতরে দেহটি পাওয়া যায়, সেটিতে ইলেকট্রিক কানেকশন ছিল না। আরও জানা গেছে, গত তিন দিন ধরে দোকানটিও বন্ধ ছিল।
কী বলছে পুলিশ?
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “এটি একটি অস্থায়ী দোকান, কোনও গেট নেই। ফ্রিজারটিও চলছিল না। ফ্রিজারের ভিতরে এক ব্যক্তির দেহ পাওয়া গেছে, যাকে আমরা বিজয় পাল হিসেবে শনাক্ত করতে পেরেছি। তাঁর শরীরে কোনও দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।” অর্থাৎ, কী কারণে মৃত্যু, তা নিয়ে আপাতত ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
কীভাবে সামনে এল ঘটনা?
দোকানের মালিক অজয়, যিনি বকশির তালাব এলাকার বাসিন্দা, দোকানে সরঞ্জাম নিতে এসে প্রথম বিষয়টি টের পান। তিনি ডিপ ফ্রিজার খুলে দেখেন ভিতরে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে খবর দেন।
মোবাইল ও আধার কার্ডে মিলল পরিচয়
ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় মৃতের মোবাইল ফোন এবং আধার কার্ড। সেগুলির ভিত্তিতেই পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে। তবে তদন্তে উঠে এসেছে একটি অদ্ভুত তথ্যও। বিজয় পালের এক পাটি চটি পাওয়া যায় কলেজের কাছে রাস্তার মোড়ে, আর অন্যটি পাওয়া যায় দোকানের ভিতরে। এই অস্বাভাবিক তথ্য ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
প্রশ্নের মুখে একাধিক দিক
দোকানটি তিন দিন ধরে বন্ধ ছিল, ফ্রিজারে ইলেকট্রিক কানেকশনও ছিল না, তবু কীভাবে সেখানে দেহ এল? বিজয় পাল সেখানে কীভাবে পৌঁছলেন? এটি কি দুর্ঘটনা, না কি অন্য কোনও অপরাধমূলক দিক রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে পুলিশ।