সম্প্রতি ওই দম্পতির সন্তান জন্মানোর পর অভিযুক্তদের রাগ আরও বেড়ে যায়। পরিবারের তথাকথিত সম্মানের প্রতিশোধ নিতে তারা হত্যার পরিকল্পনা করে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 September 2025 20:21
দ্য ওয়াল ব্যুরো: লখনউর (Lucknow) নিগোহাঁন থানা এলাকার সিসেন্দি রোডের ড্রেনে উদ্ধার হওয়া শনি রাওয়াতের দেহের রহস্য উন্মোচন (death mystery solved) করল পুলিশ। তাঁর শ্বশুরবাড়ির লোকেরা পরিবারের সম্মান রক্ষার অজুহাতে ২৪ বছর বয়সি ওই যুবককে খুন করেছে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, যৌথ অভিযানে নিগোহাঁন থানার টিম ও সাউথ জোন সার্ভেইল্যান্স সেল বৃহস্পতিবার সন্তোষ যাদব (৩৫), পেশায় কাপড় ব্যবসায়ী, এবং দেবেশ যাদব ওরফে বগ্গা (২৪), পেশায় গাড়িচালক - এই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। দু’জনেই অপরাধের কথা স্বীকার করেছে।
অতিরিক্ত ডিপিসি (সাউথ) বসন্ত রাল্লাপল্লি জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে শনি রাওয়াতের সঙ্গে দেবেশ ও জিতুর বোনের বিয়ে হয়। মেয়েটির পরিবারের ইচ্ছের বিরুদ্ধেই এই বিয়ে করেন তাঁরা। সম্প্রতি ওই দম্পতির সন্তান জন্মানোর পর অভিযুক্তদের রাগ আরও বেড়ে যায়। পরিবারের তথাকথিত সম্মানের প্রতিশোধ নিতে তারা হত্যার পরিকল্পনা করে।
পুলিশের দাবি, ৮ সেপ্টেম্বর সন্তোষ জেল রোডের এক মদের দোকানের কাছে শনিকে ডেকে নিয়ে গিয়ে একটি এসইউভিতে তোলে। গাড়ির ভেতরেই দেবেশ, জিতু ও আরও কয়েকজন লোহার রড দিয়ে শনিকে আঘাত করে। পরে সিসেন্দি রোডের কাছে তাঁকে গাড়ি থেকে নামিয়ে আবার মারধর করে। তারপর রাগ মেটাতে দেহ ড্রেনে ফেলে দেয়। প্রমাণ নষ্ট করাই অভিযুক্তদের মূল উদ্দেশ্য ছিল।
এসিপি মোহনলাগঞ্জ রাজনীশ ভার্মা জানিয়েছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা, লোহার রড ও সেই এসইউভি উদ্ধার করা হয়েছে। দেবেশের ভাই জিতু যাদব, রাজকুমার ও জয় সিং ওরফে কাল্লু - এই তিন অভিযুক্ত এখনও পলাতক। সন্তোষের বিরুদ্ধে আগেও খুনের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।