প্রেমের সম্পর্কের আড়ালে লক্ষ লক্ষ টাকা ও সোনা লুটের অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার যুবক। নাবালিকাকে যৌন হেনস্থা থেকে শুরু করে লাইভ-ইন সঙ্গিনীর উপর টানা প্রতারণা, চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায়।

অভিযুক্ত যুবক
শেষ আপডেট: 28 December 2025 18:12
দ্য ওয়াল ব্যুরো: প্রেমের ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা ও সোনাদানা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২৯ বছরের যুবক। বেঙ্গালুরুর (Bengaluru) বাগালগুন্তে (Bagalgunte) থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শুভম শুক্লা (Shubham Shukla)। অভিযোগ, প্রেমের সম্পর্কের আড়ালে এক মহিলার কাছ থেকে প্রায় ২০ লক্ষ টাকা নগদ ও ২০০ গ্রাম সোনা আত্মসাৎ করেছে সে। শুধু তাই নয়, গোটা ঘটনায় উঠে এসেছে যৌন হেনস্তা, প্রতারণা এবং চুরির মতো গুরুতর অভিযোগ।
পুলিশ জানাচ্ছে, ঘটনাটির সূত্রপাত নেলামঙ্গল (Nelamangala) এলাকায়। এই কেসে জড়িত রয়েছেন দুই বোন। তদন্তকারীদের দাবি, প্রথমে অভিযুক্ত শুভম এক নাবালিকা মেয়ের সঙ্গে আলাপ জমায়। অভিযোগ, সেই নাবালিকাকে যৌন নির্যাতনও করে সে। এরপর ওই নাবালিকাকেই ব্যবহার করে ধীরে ধীরে তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়।
পরবর্তী ধাপে শুভমের নজর পড়ে নাবালিকার দিদির দিকে। পুলিশ জানিয়েছে, ধীরে ধীরে তাঁকে প্রেমের ফাঁদে ফেলে শুভম এবং পরে লাইভ-ইন সম্পর্কে (Live-in relationship) থাকতে রাজি করায়। অভিযুক্তের কথায় বিশ্বাস করে ওই মহিলা তাঁর বাবা-মাকে জানান, কাজের সূত্রে তিনি মুম্বই (Mumbai) যাচ্ছেন। বাস্তবে কিন্তু মুম্বই নয়, বেঙ্গালুরুতে শুভমের সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করেন।
অভিযোগ, এইভাবে টানা তিন বছর একসঙ্গে থাকার সময় ধাপে ধাপে ওই মহিলার কাছ থেকে টাকা ও গয়না হাতিয়ে নেয় শুভম। পুলিশের দাবি, কখনও ব্যবসার অজুহাত, কখনও ব্যক্তিগত সমস্যার কথা বলে প্রায় ২০ লক্ষ টাকা ও ২০০ গ্রাম সোনা আদায় করে নেয় অভিযুক্ত। একইসঙ্গে চলতে থাকে মানসিক ও শারীরিক অত্যাচার।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে যখন ওই মহিলা জানতে পারেন, শুভম আগে থেকেই বিবাহিত। বিষয়টি সামনে আসতেই অভিযুক্ত প্রথমে সব অস্বীকার করে। পরে অবশ্য স্ত্রীকে ডিভোর্স (Divorce) দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতি ধোঁয়াশাতেই থেকে যায়। অভিযোগ, এরপর থেকে প্রতিদিনই নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। মারধর, হুমকি এবং মানসিক চাপের মধ্যে দিন কাটাতে থাকেন ওই মহিলার।
শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে কোনও রকমে শুভমের হাত থেকে পালিয়ে যান তিনি। পুলিশের দ্বারস্থ হন এবং গোটা ঘটনার বিস্তারিত লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায় বলে জানানো হয়েছে।
বাগালগুন্তে থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন (POCSO Act)-সহ প্রতারণা (Cheating), যৌন অত্যাচার ও চুরির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই শুভম শুক্লাকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছেন তাঁরা।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত গুরুতর। নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ থেকে শুরু করে আর্থিক প্রতারণা-সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে। প্রয়োজন হলে আরও ধারায় মামলা যোগ হতে পারে।”
এই ঘটনায় শহরজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রেমের সম্পর্কের আড়ালে কীভাবে পরিকল্পিতভাবে এক পরিবারের উপর শোষণ চালানো হয়েছে, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে এখন।