আবাসনের উঁচু পাঁচিল অনায়াসে টপকে লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ—এই রোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে পথচলতি মোটরচালকের মোবাইল ক্যামেরায়। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ সময় ধরে আবাসিক এলাকার মধ্যেই ঘোরাফেরা করেছে বাঘটি। ভয়ে অনেকেই দরজা-জানালা বন্ধ করে রাত কাটাতে বাধ্য হন। শুধু অপেক্ষা, কখন কী ঘটে!
পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত তৎপর হয় বনদফতর। ড্রোন ও ট্র্যাপ ক্যামেরা বসিয়ে গোটা এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। সম্ভাব্য চলাচলের পথে মোতায়েন করা হয়েছে বিশেষ প্রশিক্ষিত বনকর্মীদের দল। বনদফতরের আধিকারিকদের বক্তব্য, আপাতত বাঘটির অবস্থান চিহ্নিত করাই সবচেয়ে বড় লক্ষ্য। প্রয়োজনে ঘুমপাড়ানি গুলি ব্যবহার করে তাকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও তৈরি রাখা হয়েছে।
এই ঘটনায় আবারও সামনে এল মানব-অরণ্য সংঘাতের চেনা ছবি। বনাঞ্চল সঙ্কোচন, খাদ্যের অভাব এবং প্রাকৃতিক করিডর নষ্ট হওয়ার জেরেই বন্যপ্রাণীরা লোকালয়ের দিকে ছুটে আসছে বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, রাজামুন্দ্রির আশপাশে বনভূমির গা ঘেঁষে দ্রুত নগরায়ণ পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।
প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একা বাইরে না বেরোনো, শিশুদের ঘরের ভিতরে রাখার পাশাপাশি বাঘের দেখা মিললে আতঙ্কিত না হয়ে দ্রুত বনদফতরকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে।
আপাতত রাজামুন্দ্রিতে আতঙ্কের ছায়া। শহরের মানুষ তাকিয়ে—বাঘটি কবে ধরা পড়বে, কবে ফিরবে স্বস্তির নিঃশ্বাস।




