টেন্ডার-অভিযোগ ও স্বচ্ছতা প্রচেষ্টা নিয়ে আর্য কথা বলছেন, তার ব্যাকগ্রাউন্ড কী ছিল এবং প্রশাসনিক স্তরে কেন তাঁর অভিযোগ মেটেনি - এসব বিষয় উঠে আসছে।

রোহিত আর্য
শেষ আপডেট: 30 October 2025 20:30
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের (Mumbai) পাওয়াইয়ের (Powai) স্টুডিওতে বৃহস্পতিবার দুপুরে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হল, তার নেপথ্যে উঠে আসা নাম ঘিরে উঠছে নানা প্রশ্ন। রোহিত আর্য (Rohit Arya)- একা একজন, কীভাবে ১৯ জনকে বন্দি করে রেখেছিলেন!
বৃহস্পতিবার দীর্ঘ সময় ধরে চেষ্টাচরিত্র করে মুম্বইয়ের (Mumbai Hostage News) পাওয়াইয়ের স্টুডিও থেকে অন্তত ১৭ জন পণবন্দি শিশুকে উদ্ধার করেছে পুলিশ (Mumbai Police)। শিশুদের নিরাপদে বাবা-মায়ের কাছে হস্তান্তরও করা হয়ে গিয়েছে। অন্যদিকে, এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিযুক্ত রোহিত আর্যের।
ঘটনার সময় রোহিত আচমকা গুলি চালাতেই কমান্ডোরা পাল্টা গুলি চালায়। ৮ জনের কুইক রিঅ্যাকশন টিম বাথরুমের ছোট দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে - যাতে বন্দিরা আড়ালেই থাকে এবং অপরাধীকে চমকে দেওয়া যায়। গোলাগুলির পর রোহিত গুরুতর আহত অবস্থায় ধরা পড়ে এবং হাসপাতালে মারা যায়। পরে জানা যায়, তার বন্দুকটি আসলে এয়ারগান।
কে এই রোহিত আর্য?
রোহিত আর্য আরএ স্টুডিওর কর্মী ছিলেন এবং একটি ইউটিউব চ্যানেলও চালাতেন। কয়েকদিন ধরে তিনি অডিশন নিচ্ছিলেন। এই সূত্রেই অনেকে পরিবার তাঁদের বাচ্চাদের নিয়ে এসেছিলেন অডিশন দেওয়াতে।
জানা গিয়েছে, রোহিত আদতে পুণের বাসিন্দা। রিপোর্ট অনুযায়ী, তিনি আগে শিক্ষা দফতরের একটি স্কুল প্রোজেক্টের টেন্ডার পেয়েছিলেন। তখন শিক্ষামন্ত্রী ছিলেন দীপক কেসরকার। রোহিতের দাবি ছিল, তিনি সেই প্রোজেক্টে কাজ করার জন্য কোনও টাকা পাননি। পাওনা না পেয়ে তিনি মন্ত্রী দীপকের বাড়ির বাইরে একাধিক বিক্ষোভও করেছিলেন। কিন্তু ঘটনাচক্রে সেও সময় মন্ত্রী তাঁর অফিসে ছিলেন।
তাছাড়া, ২০২৩ সালে রোহিত মহারাষ্ট্রে ‘Swacchta Monitor’ নামের এক প্রকল্প চালু করেছিলেন, তার কথাও তিনি বারবার উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেন যে তাঁর পাওনা তিনি পাননি। শুধু তাই নয়, এই কনসেপ্টের ক্রেডিটও তাঁর থেকে কেড়ে নেওয়া হয়েছে।
তবে, মুম্বই পুলিশ বিবৃতিতে জানিয়েছে, আর্য মানসিকভাবে স্থিতিশীল নয় বলেই ধারণা।
কী চেয়েছিলেন রোহিত?
ঘটনার পরে প্রকাশিত এক ভিডিওতে আর্য বলেছিলেন তাঁর দাবি অর্থ সংক্রান্ত নয়। বরং 'নৈতিক' ও 'নৈতিক মূল্য' সংক্রান্ত। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন যেন তাঁকে উস্কানো না হয়। ভিডিওতে আর্য বলেন, “আমি যে কারণে এই শিশুগুলোকে আটকে রেখেছি, সেটা একটি পরিকল্পনার অংশ।” তিনি বলেন, “আমি রোহিত আর্য; আত্মহত্যার বদলে আমি পরিকল্পনা করে কিছু শিশুকে আটক করেছি। আমার বেশি দাবি নেই। যা আছে তা খুব সাধারণ, নৈতিক ও ন্যায্য কিছু দাবি। আমার কিছু প্রশ্ন আছে, আমি কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই এবং তাদের থেকে উত্তর চাই।” তিনি জোর দিয়ে বলেন, “আমি সন্ত্রাসবাদী নই। আমার বড় কোনও আর্থিক দাবি নেই, আসলে কোনও টাকারই দাবি নেই। আমি কেবল সরল কিছু কথা বলতে চাই। আমি এই কয়েকজন শিশুকে আটকে রেখেছি এবং আপনারা যদি ছোট কোনও ভুল পদক্ষেপও করেন, আমি সব জ্বালিয়ে দেব।”
তিনি আরও বলেন, 'অনেকেই এই সমস্যাগুলো ভোগ করছেন এবং আমি কেবল কথার মাধ্যমেই সমাধান চাইছি। অনুগ্রহ করে আমাকে কারও ক্ষতি করতে প্ররোচিত করবেন না।'
এই ঘটনার ফলে অনেক প্রশ্ন উঠে আসে। কেন ওই ব্যক্তি এমন ঝুঁকি নিলেন? কীভাবে তিনি বার কয়েক অডিশন চালাতে পারলেন এবং পরিবারের সবাইকে কীভাবে আকৃষ্ট করলেন? যে টেন্ডার-অভিযোগ ও স্বচ্ছতা প্রচেষ্টা নিয়ে আর্য কথা বলছেন, তার ব্যাকগ্রাউন্ড কী ছিল এবং প্রশাসনিক স্তরে কেন তাঁর অভিযোগ মেটেনি - এসব বিষয় উঠে আসছে।
পুলিশের হাতে রয়েছে ফরেনসিক রিপোর্ট, ভিডিও আর্কাইভ এবং রোহিত আর্যের কল-রেকর্ড। সেই সব বিস্তারিত পরীক্ষা করে রোহিতের মূল উদ্দেশ্য এবং ঘটনা খতিয়ে দেখা হবে।