বিহারের চলতি বছরের ৪ জুন থেকে সার বা ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধনী শুরু হয়েছিল। ওই রাজ্যে অবশ্য তা নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে কমিশন আগাম বৈঠক করেনি।

ফাইল ছবি
শেষ আপডেট: 25 September 2025 10:28
দ্য ওয়াল ব্যুরো: সারা দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘সার’ (Special Intensive Revision of Electoral Roll) কবে শুরু করা হবে তা এখনও স্থির করেনি নির্বাচন কমিশন (Election Commission of India) । তবে রাজ্যগুলির মুখ্যমন্ত্রী নির্বাচনী আধিকারিকদের (Chief Electoral Officer-CEO) দিল্লিতে ডেকে বলে দেওয়া হয়েছে, এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করতে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, মুখ্য নির্বাচনী অফিসারা সিইও-দের বলা হয়েছে, সার শুরুর আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করতে (to hold all party meeting before SIR begin) হবে। সর্বদলীয় বৈঠকে স্থির করতে হবে কীভাবে সার বাস্তবায়ন করা হবে। রাজনৈতিক দলগুলির কোনও প্রস্তাব গ্রহণযোগ্য মনে করলে তা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করতে হবে।
বিহারের চলতি বছরের ৪ জুন থেকে সার বা ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধনী শুরু হয়েছিল। ওই রাজ্যে অবশ্য তা নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে কমিশন আগাম বৈঠক করেনি। ফলে দলগুলির পক্ষেও বোঝা সম্ভব হচ্ছিল না কীভাবে তালিকা সংশোধন করা হবে। শেষ পর্যন্ত কমিশনের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গুচ্ছ মামলা হয়। শীর্ষ আদালতের নির্দেশে কমিশন আধার কার্ডকে ভোটার তালিকায় নাম তোলার জন্য বৈধ প্রমাণ হিসাবে গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দেয়।
বিহারের ক্ষেত্রে সেই নির্দেশ পালন করলেও কমিশন হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কমিশনই শেষ কথা। জবাবে শীর্ষ আদালত বলেছে, কমিশন আইন ও সংবিধানে পরিধির মধ্যে কাজ করছে কি না সেটা পর্যালোচনা করার অধিকার আদালতের আছে।
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট বড় পদক্ষেপের আভাস দিয়েছে। ৬ অক্টোবর শীর্ষ আদালত ‘সার’ সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় দেবে। আদালত জানিয়ে দিয়েছে তারা রায়টি শুধু বিহারের মধ্যেই সীমাবদ্ধ রাখবে না। গোটা দেশের কথা বিবেচনায় রেখে রায় প্রদান করবে।
মনে করা হচ্ছে, এই পরিস্থিতিতে কমিশনও নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার কাজ শুরু করেছে। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরীতে আগামী বছরের মার্চ-এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচনের ভোট নেওয়া হবে। ওই পাঁচ রাজ্যের সঙ্গেই বাকি রাজ্যগুলির ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী সেরে ফেলা হবে কি না তা এখনও কমিশন স্পষ্ট করেনি।