সোমবার জলন্ধরের কাছে নিজের গ্রামে রাস্তা পার হচ্ছিলেন প্রবীণ অ্যাথলেট ফৌজা সিং। সেখানেই তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি পাঞ্জাব রেজিস্টার্ড টয়োটা ফর্চুনার।

ফৌজা সিং
শেষ আপডেট: 16 July 2025 09:41
দ্য ওয়াল ব্যুরো: কিংবদন্তি ম্যারাথন রানার ফৌজা সিং (Legendary Marathon Runner Fauja Singh)-কে গাড়ি চাপা দিয়ে পালানোর অভিযোগে গ্রেফতার কানাডা-প্রবাসী অমৃতপাল সিং ধিলোঁ। ঘটনার পর থেকেই অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। অবশেষে দু'দিন পর তাঁকে গ্রেফতার করা হল।
সোমবার জলন্ধরের কাছে নিজের গ্রামে রাস্তা পার হচ্ছিলেন প্রবীণ অ্যাথলেট ফৌজা সিং। সেখানেই তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি পাঞ্জাব রেজিস্টার্ড টয়োটা ফর্চুনার। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মারা যান ‘টারব্যান্ড টর্নেডো’ (Turbaned Tornado)।
সিসিটিভি ফুটেজ ঘেঁটে গাড়ির নম্বর চিহ্নিত করে তদন্তে নামে পুলিশ। দেখা যায়, গাড়িটি কপুরথলার বাসিন্দা বরিন্দর সিংয়ের নামে রেজিস্টার্ড। তাঁকে জেরা করতেই জানা যায়, গাড়িটি তিনি কিছুদিন আগে বিক্রি করে দিয়েছেন অমৃতপাল ধিলোঁকে। এরপরই জলন্ধরের করতারপুরে ধিলোঁকে পাওয়া যায়।
ধৃত পুলিশকে জানিয়েছেন, মোবাইল ফোন বিক্রি করে ফেরার সময়ই দুর্ঘটনাটি ঘটে। তিনি জানতেন না যাঁকে ধাক্কা দিয়েছেন, তিনি কিংবদন্তি অ্যাথলেট। পরে সংবাদমাধ্যমে দেখে বিষয়টি জানতে পারেন।
পাঞ্জাব পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, 'ধৃত অমৃতপাল সিং ধিলোঁ কানাডায় পরিবার নিয়ে থাকেন। এক সপ্তাহ আগে ভারতে এসেছেন। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন।
ফৌজা সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, 'ফৌজা সিংয়ের ব্যক্তিত্ব ও তাঁর মধ্যে থাকা অদম্য ইচ্ছাশক্তি ভারতীয় যুবসমাজকে শারীরিক সক্ষমতার বিষয়ে উৎসাহিত করেছে। তাঁর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। পরিবার এবং অনুরাগীর প্রতি আমার সমবেদনা রইল।'
কে ছিলেন ফৌজা সিং?
১৯১১ সালের ১ এপ্রিল পাঞ্জাবের একটি কৃষক পরিবারে জন্ম। স্ত্রী মারা যাওয়ার পর ১৯৯০-র দশকে তিনি ইংল্যান্ডে পাড়ি দেন। ১৯৯৪ সালে পুত্রবিয়োগের ধাক্কায় দৌড়কে আশ্রয় হিসেবে বেছে নেন।
৮৯ বছর বয়সে, ২০০০ সালে, প্রথমবার লন্ডন ম্যারাথনে অংশ নেন। পরে টরেন্টো, নিউ ইয়র্ক-সহ একাধিক শহরে প্রবীণ দৌড়বিদদের বিভাগে অংশ নিয়েছেন তিনি।
২০১১ সালে ১০০ বছর বয়সে টরেন্টো ম্যারাথনে অংশ নিয়ে বিশ্বে সবচেয়ে বেশি বয়সে সম্পূর্ণ ম্যারাথন দৌড় সম্পন্ন করার নজির গড়েন ফৌজা সিং। ২০০৪-এর অ্যাথেন্স অলিম্পিক এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকেও টর্চবাহক হিসেবে সম্মান পেয়েছেন।
শেষ প্রতিযোগিতামূলক দৌড়টি ছিল ২০১৩ সালে, হংকং ম্যারাথনে ১০ কিলোমিটার বিভাগে। বয়স তখন ১০১ বছর। সময় নিয়েছিলেন ১ ঘণ্টা ৩২ মিনিট ২৮ সেকেন্ড।
ফৌজা সিংয়ের ঝুলিতে রয়েছে অসংখ্য পদক ও শংসাপত্র। আজীবন স্বাস্থ্য, সংকল্প আর প্রেরণার এক জীবন্ত মূর্তি ছিলেন তিনি। তাঁর অকালপ্রয়াণে শোকের ছায়া গোটা ক্রীড়াজগতে।