সেতু ভেঙে পড়ার ফলে গোটা অঞ্চল কার্যত থমকে। স্থানীয় প্রশাসন জানাচ্ছে, ক্ষতিগ্রস্ত ওই রাস্তা মেরামত করে ফের চালু করতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে।

ঘটনাস্থলের ছবি (সংগৃহীত)
শেষ আপডেট: 7 August 2025 10:10
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের গঙ্গওয়ানির কাছে ভয়ংকর ধস আর প্রবল জলের তোড়ে সম্পূর্ণ গুঁড়িয়ে গেল একটি পাকা সেতু। প্রায় ৫০ মিটার লম্বা ওই কংক্রিটের সেতু ভেঙে পড়ায় ধারালি ও হর্ষিলের মতো দুর্গম শহরগুলির সঙ্গে যোগাযোগ একেবারে ছিন্ন হয়ে গিয়েছে। যে সেতুটি একসময় উপত্যকার গর্ব ছিল, এখন সেখানে শুধুই ধ্বংসস্তূপ আর কংক্রিটের চাঁই।
সেতু ভেঙে পড়ার ফলে গোটা অঞ্চল কার্যত থমকে। স্থানীয় প্রশাসন জানাচ্ছে, ক্ষতিগ্রস্ত ওই রাস্তা মেরামত করে ফের চালু করতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। হতাহতের কোনও খবর নেই। তবে উদ্ধারকাজ শুরু হয়েছে, ধ্বংসস্তূপে কেউ আটকে রয়েছেন কি না তা দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘটনাটি ঘটেছে অত্যন্ত ভয়াবহ গতিতে। হঠাৎ করেই ধস ও জলের ভয়ানক তোড় নেমে আসে উপত্যকায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই সব শেষ।
এই সেতু দিয়ে উত্তরকাশী থেকে হর্ষিল এবং ধারালি যাওয়া যেত। পাশাপাশি, ভাটওয়ারিতে রাস্তাও বন্ধ হয়ে আছে। ফলে যাতায়াতের উপায় এখন শুধুমাত্র আকাশপথ।
এদিকে, ইতিমধ্যেই বহু মানুষ জড়ো হয়েছেন সেতুর ধারে। তাঁদের অনেকেই চেষ্টা করছেন কোনওভাবে ভাঙা সেতুটি পেরিয়ে যদি ধারালিতে পৌঁছন যায়। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলছে আকাশপথে উদ্ধারকারী দল ও ত্রাণসামগ্রী পাঠানোর।