ছবির ক্যাপশন বলছে, 'Not Clicked at a comedy club' (কোনও কমেডি ক্লাবে তোলা নয় এই ছবি)। সেই টি-শার্টের ছবির বিশেষ ইঙ্গিত উস্কে দিয়েছে নানা বিতর্ক (Kunal Kamra social media post RSS)।

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 26 November 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুনাল কামরা (Stand up comedian Kunal Kamra) ফের একবার নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়ার পরিচিত এই মুখ সম্প্রতি একটি ছবি পোস্ট করতেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন (Kunal Kamra RSS controversy)। শুধু তাই নয়, ছবির ক্যাপশন বলছে, 'Not Clicked at a comedy club' (কোনও কমেডি ক্লাবে তোলা নয় এই ছবি)। সেই টি-শার্টের ছবির বিশেষ ইঙ্গিত উস্কে দিয়েছে নানা বিতর্ক।
কী বলছে সেই টিশার্ট? সেখানে রয়েছে কুকুরের ছবি এবং তার সঙ্গে RSS-সম্পর্কিত একটি ইঙ্গিতকে নিয়েই ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি (BJP)। মঙ্গলবারই দলীয় নেতারা কড়া ভাষায় সমালোচনা করেন কুণালের। পাশাপাশি সতর্ক করেন, আপত্তিজনক কিছু পোস্ট করলে পুলিশের তরফ থেকে কঠোর পদক্ষেপ আসবেই।
মহারাষ্ট্রের মন্ত্রী এবং রাজ্যের বিজেপির শীর্ষ নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে সরাসরি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কোনও ব্যক্তি যদি আপত্তিজনক মন্তব্য বা পোস্ট করেন, পুলিশ তা নিয়ে অ্যাকশন নেবে। কুণালের পোস্ট ঘিরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “যে কেউ এমন আপত্তিজনক পোস্ট করলে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে।”
কুণালের এই সোশ্যাল মিডিয়া পোস্টটি (Kunal Kamra social media post RSS) ইতিমধ্যেই প্রায় ৩ মিলিয়নের কাছাকাছি ভিউ পেয়েছে। পাশাপাশি প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ারও হয়েছে সেটি। একটি কুকুরের ছবি এবং RSS-কে উদ্দেশ করে ইঙ্গিত - এই দুইয়ের মিলিত বার্তা নিয়েই শুরু রাজনৈতিক বিতর্ক।
Not Clicked at a comedy club ❤️❤️❤️ pic.twitter.com/pV7P83jgEn
— Kunal Kamra (@kunalkamra88) November 24, 2025
RSS হল বিজেপির আদর্শগত মেন্টর, এই প্রেক্ষিতে মন্তব্যটি আরও সংবেদনশীল হয়ে উঠেছে রাজনৈতিক মহলে।
বিজেপি-ঘনিষ্ঠ শিবসেনার মন্ত্রী সঞ্জয় শিরসাট আরও কড়া সুরে এই ঘটনার প্রতিক্রিয়া দেন। তাঁর কথায়, কুনাল কামরা বহুদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে আক্রমণ করে আসছেন। এবার তো সরাসরি RSS-কে লক্ষ্য করে কটাক্ষ করেছেন। মন্ত্রীর মতে, “আগেও তিনি মোদীজি ও একনাথ শিন্ডেকে টার্গেট করেছেন। এবার সরাসরি RSS-কে আক্রমণ করার সাহস দেখিয়েছেন। বিজেপির উচিত এর জবাব দেওয়া।”
তিনি আরও বলেন, “আমরা আগেও তাঁর মন্তব্যের জবাব দিয়েছি, বিশেষ করে যখন তিনি শিন্ডেকে নিয়ে কটাক্ষ করেছিলেন। এখন RSS-কে নিয়ে এমন পোস্ট করায় রাজনৈতিকভাবে আরও শক্ত প্রতিক্রিয়া প্রয়োজন।”
গত মার্চ মাসেও কুণাল জাতীয় খবরের শিরোনামে এসেছিলেন। তখনও তিনি শো চলাকালীন এক জনপ্রিয় হিন্দি ছবির গানের লিরিক্স বদলে একনাথ শিন্ডের রাজনৈতিক কেরিয়ারকে ব্যঙ্গ করেন। সেই ঘটনায় শিন্ডে-অনুগামীরা তীব্র ক্ষোভ উগরে দেন। রীতিমতো হামলা হয় মুম্বইয়ের খার এলাকার হ্যাবিট্যাট কমেডি ক্লাবে, যেখানে কুণালের সেই শো হয়েছিল। একইসঙ্গে ক্ষতি করা হয় ক্লাবের ভিতরে থাকা একটি হোটেলেরও।
সাম্প্রতিক বিতর্কের পর স্ট্যান্ড আপ কমেডিয়ান অবশ্য আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান জানান। তাঁর দাবি, যে ছবিটি নিয়ে এত বিতর্ক, তা কোনও কমেডি ক্লাবে তোলা নয়। অর্থাৎ তিনি ইঙ্গিত দিতে চেয়েছেন, সেটি তাঁর শো-এর অংশ নয়।
কিন্তু বিজেপি নেতারা তাতে নরম হননি। তাঁদের অভিযোগ, কুণালের এই পোস্ট শুধু অসম্মানজনক নয়, বরং উস্কানি ছড়ানোর উদ্দেশ্যেই করা হয়েছে। রাজনৈতিক মহলে তাই জল্পনা, এই মন্তব্যের জেরে কি সত্যিই পুলিশের পদক্ষেপ শুরু হবে? আপাতত সেটিই দেখার।