
কমেডিয়ান গৌরব গুপ্তা
শেষ আপডেট: 1 June 2025 16:56
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি পহেলগামে সন্ত্রাসী হামলায় (Pahelgam attack) ২৬ জনের মৃত্যুর পর ভারত-পাকিস্তান সম্পর্ক ঘিরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তা এখনও খবরের শিরোনামে উঠে আসছে নানাভাবে।
এই প্রেক্ষাপটে, ভারতীয় কমেডিয়ান গৌরব গুপ্তা (Comedian Gaurav Gupta) তাঁর আমেরিকা-কানাডা ট্যুরের একটি শো-তে পাকিস্তানি এক দর্শকের (Pakistani fan) সঙ্গে আলাপ জমিয়েছেন। মজার ছলে তিনি সেই দর্শককে হনুমান চালিশা (Hanuman Chalisa) পড়ে শোনাতে বলেন। এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং বিভিন্ন প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
গৌরব গুপ্তা ৩০ মে আটলান্টা থেকে ইউএস-কানাডা ট্যুর শুরু করেন এবং তাঁর পরবর্তী শো ছিল শিকাগোতে। রবিবার, তিনি তাঁর এক শো থেকে একটি ক্লিপ শেয়ার করেন, যেখানে পাকিস্তানি এক দর্শকের সঙ্গে তাঁর মজার আলাপচারিতা দেখা যায়। পাকিস্তানি দর্শক এসেছেন শুনে গৌরব অবাক হন। উপস্থিত দর্শকরা 'সিঁদুর' (অপারেশন সিঁদুর-এর প্রেক্ষিতে) বলে চিৎকার করে উঠলে তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন।
এরপর গৌরব মজা করে বলেন, ‘ভাই, শোতে আসার জন্য অনেক সাহস দেখিয়েছো। (পাকিস্তানি) শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু দর্শকদের তো এখনও অনুমতি আছে।’ তারপর তিনি বলেন, ‘এবার তুমি হনুমান চালিসা পড়ে শোনাও দেখি’। এই কথা শুনে দর্শকরা হেসে ওঠেন। এরপর তিনি কাশ্মীর নিয়েও বেশ কিছু কথা বলেন।
গৌরব গুপ্তার এই রোস্টের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছে। অনেকেই এই মুহূর্তটিকে মজার ও সাহসী হিসেবে প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘তিনি রোস্ট করার সময় কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু দারুণ বলেছেন।’ একজন বলেছেন, ‘হনুমান চালিশার কথাটা দারুণ বলছেন।’
তবে, কিছু মানুষ এই মুহূর্তটিকে অপ্রয়োজনীয় ও সংবেদনশীল বলে মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘এর প্রয়োজন ছিল না। যিনি আপনার শো দেখতে এসেছেন, তাঁর প্রতি সম্মান দেখান। এটি বর্তমানে একটি সংবেদনশীল বিষয়- এভাবে মজা করবেন না।’
গৌরব গুপ্তা একজন জনপ্রিয় ভারতীয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান, যিনি মধ্যবিত্তদের জীবন নিয়ে মজাদার কথাবার্তা বলার জন্য বেশি পরিচিত। তিনি ২০১৭ সালের 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' রিয়্যালিটি শো-তে প্রথম ১২ জনের মধ্যে ছিলেন। এরপর তিনি 'নট জাস্ট বানিয়া' ও 'মার্কেট ডাউন হ্যায়' এর মতো হিট শোয়েরও অংশ ছিলেন।