
সোনা পাচারে ধৃত কলকাতার বিমানসেবিকা
শেষ আপডেট: 31 May 2024 10:13
দ্য ওয়াল ব্যুরো: পায়ুদ্বারের মধ্যে সোনা লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন কলকাতার বিমানসেবিকা। ভিনরাজ্যে ধরা পড়ে গেলেন তিনি। কোচি বিমানবন্দরে সুরভি খাতুন নামে ওই বিমানসেবিকাকে গ্রেফতার করেছে ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই আধিকারিকরা। তাঁর পায়ুদ্বার থেকে উদ্ধার হয়েছে ৯৬০ গ্রাম সোনা! তারা জানতে পেরেছেন, মাসকট থেকে কন্নুরে সোনা পাচারের চেষ্টা করা হচ্ছিল।
গত ২৮ মে কোচি বিমানবন্দরে সাধারণ মানুষের ভিড়ে ছদ্মবেশে ছিলেন ডিআরআই আধিকারিকরা। তাঁদের কাছে খবর ছিল, সোনা পাচারের উদ্দেশ্য নিয়ে এক বিমানসেবিকা সেই বিমানবন্দরে নামবেন। সুরভি নামের ওই মহিলা আর পাঁচজন বিমানসেবিকার মতোই হেঁটে যাচ্ছিলেন। তাঁকে দেখে বোঝাই যায়নি যে এত বড় কাণ্ড করে বসে আছেন।
ডিআরআই আধিকারিকদের চোখে অবশ্য ধুলো দিতে পারেননি কলকাতার বাসিন্দা এই বিমানসেবিকা। তাঁকে দেখেই সন্দেহ হয় তাঁদের। তারপর আলাদা করে বিমানসেবিকাকে অন্য ঘরে ডেকে নিয়ে গিয়ে তল্লাশি করেন আধিকারিকরা। তখনই সবাই চমকে যান। মহিলার পায়ুদ্বার থেকে উদ্ধার হয় প্রায় ১ কেজি সোনা।
এই সোনা উদ্ধারের পর সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হয় এবং পাঠানো হয় ম্যাজিস্ট্রেটের কাছে। বিমানসেবিকাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ডিআরআই আধিকারিকরা জানতে পেরেছেন, এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার এই বিমানসেবিকা সোনা পাচার করেছেন। তদন্তে জানা গিয়েছে, সুরভি কেরলের একটি সোনা পাচার গ্যাংয়ের সঙ্গে জড়িত। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্প্রতি অবৈধ সোনা-সহ এক ব্যক্তিকে দিল্লি বিমানবন্দরে কাস্টমসের আধিকারিকেরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বছর সত্তরের ওই ব্যক্তির নাম শিবকুমার। তিনি কংগ্রেস নেতা তথা তিরুবনন্তপুরমের সাংসদ শশী তারুরের সহকারী। তাঁর কাছে বৈধ সীমার অতিরিক্ত সোনা পাওয়া যায়।