তিনি যখন একটি বাড়িতে ফর্ম বিলি করতে গিয়েছিলেন, তখন বাড়ির মালিকের পোষা কুকুরটি তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে মুখ ও গলায় কামড়ে দেয় বলে অভিযোগ।

আহত বিএলও
শেষ আপডেট: 6 November 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। নির্বাচন কমিশনের (Election Commission) ঘোষণা অনুযায়ী, বাড়ি বাড়ি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বুথ স্তরের অফিসারেরা (বিএলও) এনুমারেশন ফর্ম দিয়ে আসছেন। ফর্ম ফিলআপে সহায়তা করছেন। পরে সময় করে সংশ্লিষ্ট বিএলও-ই ভোটারদের যাবতীয় তথ্য সংগ্রহ করে কমিশনে পাঠাবেন। এমনই এক বিএলও ফর্ম বিলি করতে গিয়ে হামলার শিকার হলেন। ভোটারের বাড়ির কুকুর তেড়ে এসে ঘ্যাক করে কামড়ে দিলেন ওই মহিলা বিএলওর (BLO) মুখে।
ঘটনা কেরলের (Kerala) কোট্টায়মের। ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন এক মহিলা বুথ লেভেল অফিসার (BLO)। ভোটার তালিকার বিশেষ সংশোধনী (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি যখন একটি বাড়িতে ফর্ম বিলি করতে গিয়েছিলেন, তখন বাড়ির মালিকের পোষা কুকুরটি তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে মুখ ও গলায় কামড়ে দেয় বলে অভিযোগ।
গুরুতর জখম অবস্থায় ওই কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “আমি কোট্টায়মের পাক্কিল এলাকায় ডিউটিতে ছিলাম। ভোটার তালিকা সংশোধনের কাজ করছিলাম। সেই সময় কুকুরটি আমাকে একাধিকবার কামড়ায়। মুখে ও গলায় গভীর ক্ষত হয়েছে, এখন কাজ করাও কষ্টকর হয়ে উঠেছে।”
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কেরল-সহ ১২টি রাজ্যে ভোটার তালিকা পরিশুদ্ধ করার এই বিশেষ অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে। দ্বিতীয় দফার এই প্রক্রিয়া চলবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। ওই সময়ের মধ্যে বুথ লেভেল অফিসাররা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ফর্ম বিতরণ করবেন এবং তথ্য যাচাই করবেন।
নিয়ম অনুযায়ী, বিএলও-রা প্রতিটি পরিবারের সঙ্গে তিনবার পর্যন্ত যোগাযোগ করবেন, যাতে তালিকায় থাকা সব তথ্য সঠিক থাকে। এই প্রক্রিয়া শেষে ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, যাতে আপত্তি জানানো যাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২৬-এ।
কুকুরের হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গিয়েছে, ঘটনায় স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, ডিউটির সময় বিএলও-দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিহারে ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে। বৃহস্পতিবার, অর্থাৎ আজ সেখানে প্রথম দফার বিধানসভা ভোট। কমিশনের তথ্য অনুযায়ী, এসআইআর-এর পর বিহারের তালিকা থেকে ৩০ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। অভিযোগ, এসআইআর-এর নামে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বিজেপির দাবি, এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে মৃত ভোটার এবং অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হবে। সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা চলছে।