২০২৩ সালের মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমায় দেখানো হয়, কেরলের চার যুবতী ধর্মান্তরিত হয়ে সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএসে যোগ দেন।

পিনারাই বিজয়ন
শেষ আপডেট: 2 August 2025 13:55
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে (National Awards) বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’কে (The Kerala Story) সেরা পরিচালনা ও চিত্রগ্রহণের পুরস্কার দেওয়ায় তীব্র আপত্তি তুলেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। তিনি এই সিদ্ধান্তকে কেরলের প্রতি ‘চূড়ান্ত অপমান’ বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, এই পুরস্কার আসলে ‘মিথ্যা প্রচারের’ স্বীকৃতি, যা কেরলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশেই তৈরি হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারকমণ্ডলী এমন একটি ছবিকে সম্মান জানিয়ে বিভাজনের রাজনীতিকে স্বীকৃতি দিয়েছে। এই ছবি কেরলের সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যে ছড়ায়, যার ফলে সাম্প্রদায়িক বিদ্বেষের বীজ বোনা হয়। এটি শুধু কেরলবাসীরই নয়, বরং দেশের সংবিধান ও গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি মানুষেরই অপমান।”
By honouring a film that spreads blatant misinformation with the clear intent of tarnishing Kerala’s image and sowing seeds of communal hatred, the jury of the #NationalFilmAwards has lent legitimacy to a narrative rooted in the divisive ideology of the Sangh Parivar. Kerala, a…
— Pinarayi Vijayan (@pinarayivijayan) August 1, 2025
২০২৩ সালের মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমায় দেখানো হয়, কেরলের চার যুবতী ধর্মান্তরিত হয়ে সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএসে যোগ দেন। ২০২৩ সালের মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমায় দেখানো হয়, কেরলের চার যুবতীকে ধর্মান্তরিত করে সিরিয়ায় নিয়ে যাওয়া হয়। স্পষ্টতভাবে 'লাভ জিহাদ' ইস্যুকে দেখানো হয়েছিল। তাৎপর্যপূর্ণ বিষয়, এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কেরলেরই সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দন। সেই সময়ে তিনি সমালোচিত হয়েছিলেন দলের অন্দরেই।
নির্মাতারা প্রথমে দাবি করেছিলেন, হাজার হাজার মহিলা এমনভাবে প্রতারিত হয়েছেন, কিন্তু পরে সেই দাবিকে আংশিক ভিত্তিহীন বলে স্বীকার করে নেয় নির্মাতা সংস্থা। তারা জানায়, সিনেমাটি আসলে একটি ‘কাল্পনিক কাহিনি’। তবে এমন কয়েকটি ঘটনার অবলম্বনে তৈরি।
এই বিতর্কের মাঝেও বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় ছবি। প্রায় ২০ কোটির বাজেটে তৈরি ‘দ্য কেরালা স্টোরি’ উপার্জন করে ৩০৩.৯৭ কোটি। বছরের অন্যতম সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির তালিকায় নবম স্থানে রয়েছে এটি। সিনেমাটি পরিচালনা করেন সুদীপ্ত সেন, চিত্রগ্রহণ করেন প্রসান্তনু মহাপাত্র। প্রধান চরিত্রে অভিনয় করেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি এবং সিদ্ধি ইদনানি।
তবে এই ছবির জাতীয় পুরস্কার পাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক আরও বাড়বে, তা হয়তো আগে থেকে আন্দাজ করা গেছিল। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্য সেটাই স্পষ্ট করে দিল।