
মোবাইলের আলো জ্বেলে চিকিৎসা - ফাইল ছবি
শেষ আপডেট: 15 February 2025 19:19
দ্য ওয়াল ব্যুরো: 'অপরেশন কার!' অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসিপুর সিনেমাটি যারা দেখেছেন তাদের কাছে সর্দার খান (মনোজ বাজপেয়ী)-র এই ছোট্ট সংলাপটি দম ফাটা হাসি এনে দেয়। ছেলের পেটে গুলি লেগেছে, তার অপারেশন করানোর জন্য হাসপাতালে গেলে সেখানে কারেন্ট অফ হয়ে যায়। সেই সময়ে সর্দার খান ডাক্তারকে জোর করেন অন্ধকারের মধ্যেই ছেলের অপারেশন করতে।
এমন সিনেমার দৃশ্যের কথা কেন বলা হল? কারণ কর্ণাটকের এক হাসপাতালে কার্যত এমন ঘটনাই ঘটেছে। মোবাইলের আলো জ্বালিয়ে ব্যক্তির ক্ষতস্থানে সেলাই করেছেন চিকিৎসকরা। সেই সময়ে কারেন্ট ছিল না হাসপাতালে!
ঘটনা গত ১৩ ফেব্রুয়ারির। কর্নাটকের বল্লারির এক সরকারি হাসপাতালে দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে নিয়ে আসা হয়েছিল। তাঁর চিকিৎসার মাঝে আচমকাই বিদ্যুৎ চলে যায়। সেই কারণে মোবাইলের আলো জ্বালিয়ে ব্যক্তির ক্ষতস্থানে সেলাই করতে বাধ্য হন চিকিৎসকরা। আসলে সেলাই করতে করতেই কারেন্ট চলে গেছিল। সেই সময় ক্ষতস্থান ওইভাবে ফাঁকা রাখা যেত না। তাই অন্য উপায় বের করতেই হত।
সরকারি হাসপাতালে কেন বিদ্যুতের জরুরি ব্যবস্থা ছিল না, সেই প্রশ্ন উঠেছে। সেই কারণেই চিকিৎসকরা বাধ্য হন মোবাইলের আলো জ্বালিয়ে কাজ করতে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এলাকায় সকাল থেকেই বিদ্যুতের সমস্যা হচ্ছিল। পরে বিদ্যুৎ চলে যাওয়ার জেরে জরুরি পরিষেবাও থমকে যায়।