পিএম-সিএম বিল পাশ নিয়ে যখন দেশের বিরোধী দলগুলি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বিল বলে গাল পাড়ছে, ঠিক সেই সময়েই কর্নাটকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন এক কংগ্রেস বিধায়ক।

তল্লাশিতে ইডি ১২ কোটি নগদ টাকা, ৬ কোটি টাকার গয়না এবং ১ কোটি টাকার বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছে।
শেষ আপডেট: 23 August 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: পিএম-সিএম বিল পাশ নিয়ে যখন দেশের বিরোধী দলগুলি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বিল বলে গাল পাড়ছে, ঠিক সেই সময়েই কর্নাটকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন এক কংগ্রেস বিধায়ক। ইন্ডিয়া জোটের অন্যতম বিরোধী মুখ কংগ্রেস শাসিত কর্নাটকে শাসকদলের বিধায়ক কেসি বীরেন্দ্রকে শনিবার গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থ তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। শুক্রবার থেকে তাঁর বাড়ি ও অন্যান্য ঠিকানায় তল্লাশি চলে।
তল্লাশিতে ইডি ১২ কোটি নগদ টাকা, ৬ কোটি টাকার গয়না এবং ১ কোটি টাকার বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছে। এছাড়াও চারটি বহুমূল্যের গাড়ি মিলেছে তাঁর কাছ থেকে। কেসি বীরেন্দ্র কর্নাটকের চিত্রদুর্গা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক। বিখ্যাত পাপ্পিস ক্যাসিনো সহ গোয়ায় তাঁর বেনামে অন্তত পাঁচটি ক্যাসিনো রয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।
বীরেন্দ্র লোকসভায় সদ্য পাশ হওয়া অনলাইন গেমিং নিষিদ্ধ হওয়ার আগে থেকেই অবৈধ অনলাইন ও অফলাইন জুয়ার ব্যবসায় জড়িত বলেও অভিযোগ। কিছুদিন আগে তিনি সিকিমের গ্যাংটকে গিয়ে সেখানেও একটি জমি লিজে নিয়েছেন, যেখানে ক্যাসিনো খোলার পরিকল্পনা ছকেছিলেন বীরেন্দ্র। শুক্রবার থেকে তাঁর ৩০টি বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। যেখান থেকে পাহাড়প্রমাণ টাকা ছাড়াও ১০ কেজি রুপোর গয়নাও উদ্ধার করা হয়েছে।
কেন্দ্রীয় সংস্থা বীরেন্দ্রর ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ২টি লকার বাজেয়াপ্ত করেছে। বীরেন্দ্র ছাড়াও তাঁর ভাই কেসি নাগরাজ ও ছেলে পৃথ্বী এন রাজের বাড়ি থেকেও এসব নগদ-গয়না উদ্ধার হয়। দুবাই থেকে অনলাইন গেমিং অপারেশন চালায় তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী কেসি তিপ্পেস্বামী ও পৃথ্বী এন রাজ। বীরেন্দ্রকে গ্যাংটকে গ্রেফতার করে সেখানেই বিচারবিভাগীয় শাসকের এজলাসে তোলা হয়েছিল।
গোয়ার তাঁর নামে-বেনামে যে ক্যাসিনোগুলি চলে সেগুলি হল- পাপ্পিস ক্যাসিনো গোল্ড, ওসান রিভার্স, পাপ্পিস ক্যাসিনো প্রাইড, ওসান সেভেন ক্যাসিনো ও বিগ ড্যাডি ক্যাসিনো। তিনি বেশ কয়েকটি অনলাইন বেটিং সাইট যেমন কিং ৫৬৭, রাজা ৫৬৭, পাপ্পিস ০০৩ এবং রত্না গেমিং চালাতেন। দুবাই থেকে তাঁর ভাই চালাতেন ডায়ামন্ড সফটটেক, টিআরএস টেকনোলিজস ও প্রাইম৯ টেকনোলজিস নামে তিনটি ছদ্ম সংস্থা। এগুলি থেকে কল সেন্টারের মতো গেমিং ব্যবসা চালানো হতো বলে ইডির সন্দেহ।