প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পুরনো শত্রুতা এবং জমি সংক্রান্ত বিরোধই এই নৃশংস হত্যার মূল কারণ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 June 2025 23:46
দ্য ওয়াল ব্যুরো: জমি ঘিরে ঝামেলার জেরে ৭ জন মিলে এক যুবককে প্রকাশ্যে দিনের আলোয় কুপিয়ে হত্যা করল। কর্নাটকের কোপ্পল জেলার একটি দোকানের ভিতরে ঘটেছে এই নৃশংস ঘটনা। ৩১ মে দিনের বেলায় পুরো ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম চেনাপ্পা নারিনাল। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, নারিনাল দৌড়ে বেকারি দোকানের ভিতরে ঢুকছেন প্রাণ বাঁচাতে। কয়েকজন তাঁকে মারধর করছিল। বেকারির ভিতরেই অন্তত দু'জন ধারাল অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে। আরেক জন তাঁর মাথায় আঘাত করেন একটি মোটা কাঠের লাঠি দিয়ে।
ভিডিওতে আরও দেখা যায়, আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে নারিনাল বেকারির ভিতর একপ্রকার গোল হয়ে ছুটে বেড়াচ্ছেন, আর পেছন থেকে হামলাকারীরা ধারাল অস্ত্র নিয়ে তাঁর পেছনে দৌড়চ্ছে। নারিনালের শরীরে তখন একাধিক কাটা দাগ স্পষ্ট।
কিছু সেকেন্ড পরে নারিনাল বেকারির বাইরে বেরিয়ে যান। সেখানেই আরও দুই থেকে তিন জন মিলে তাঁকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে। এরপর বেগতিক দেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইতিমধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম- রবি, প্রদীপ, মঞ্জুনাথ, নাগরাজ, গৌতম ও প্রমোদ।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পুরনো শত্রুতা এবং জমি সংক্রান্ত বিরোধই এই নৃশংস হত্যার মূল কারণ।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তদন্ত চলছে।