ইতিহাস বলছে, গত ২ বছরে আরও হামলা হয়েছে, যেখানে পাঞ্জাবি সংগীত ও বিনোদন জগতের তারকারা ছিলেন সরাসরি লক্ষ্য।

শেষ আপডেট: 11 July 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি কানাডায় কমেডিয়ান কপিল শর্মার নতুন রেস্তোরাঁ ‘ক্যাপ’স ক্যাফে’তে গুলি চলার ঘটনায় নড়েচড়ে বসেছে বিনোদন জগত। আবারও পাঞ্জাবি শিল্পীদের বিরুদ্ধে বাড়তে থাকা হুমকি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ৯ জুলাই রাতে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে এই গুলির ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা রেস্তোরাঁর সামনে অন্তত ৯ রাউন্ড গুলি চালায়। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। সূত্রের খবর, কুখ্যাত খলিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি এই হামলার দায় স্বীকার করেছে।
পাঞ্জাবি তারকাদের ওপর হামলার ঘটনা কিন্তু এই প্রথম নয়। ইতিহাস বলছে, গত ২ বছরে এটি চতুর্থ হামলা, যেখানে পাঞ্জাবি সংগীত ও বিনোদন জগতের তারকারা সরাসরি লক্ষ্য। এর আগে পাঞ্জাবি গায়ক এপি ঢিলোঁ, আরেক গায়ক প্রেম ঢিলোঁ, গিপ্পি গ্রেওয়ালকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।
২০২৪-এর ১ সেপ্টেম্বর, ভ্যাঙ্কুভারে এপি ঢিলোঁর বাড়িতে ১৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। লরেন্স বিষ্ণোই ও রোহিত গোদারা গ্যাং তার দায় স্বীকার করে। তারা দাবি করে, ঢিলোঁর ‘Old Money’ মিউজিক ভিডিওতে সলমন খানের উপস্থিতির কারণেই এই হামলা।
এরপর, ৪ ফেব্রুয়ারি, ২০২৫। প্রেম ঢিলোঁর বাড়িতেও গুলি চলে। পরে সোশ্যাল মিডিয়ায় জেন্টা খারার নামে এক ব্যক্তি সেই দায় স্বীকার করে। সে অস্ট্রেলিয়ার জৈপাল ভুল্লার গ্যাংয়ের সদস্য ও খলিস্তানি জঙ্গি অর্জ দালার ঘনিষ্ঠ।
২০২৩ সালের ২৬ নভেম্বর, কানাডায় গিপ্পি গ্রেওয়ালের গাড়িতে গুলি চালানো হয়। গাড়িতে গুলি লাগলেও গায়ক অল্পের জন্য রক্ষা পান।
এছাড়া ২০২৪-এর নভেম্বরে, টরন্টোয় ১০০ রাউন্ড গুলির লড়াই চলে যেখানে একাধিক ভারতীয় শিল্পীর স্টুডিও ছিল। ১৬ জন গ্রেফতার হয়, উদ্ধার হয় ২৩টি আগ্নেয়াস্ত্র।
বিভিন্ন মহলে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, তাহলে কি বিনোদন দুনিয়া বারবার ‘ট্রান্সন্যাশনাল’ অপরাধচক্রের চোখ হয়ে উঠছে? বিশেষ করে পাঞ্জাবি শিল্পীদের কি ‘টার্গেট’ করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধচক্র ও খলিস্তানি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে?
কেউ কেউ তো এও বলছেন যে, সংগীত ও বিনোদন জগতের তারকাদের জনপ্রিয়তা ও অর্থনৈতিক প্রভাব একাধিক গ্যাংয়ের নজরে এসেছে। তার ফলেই বারবার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের হামলার খবর উঠে আসছে।