সৌদি আরবের জেদ্দায় গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডের গিরিডির পরিযায়ী শ্রমিক বিজয় কুমার মাহাতর। মরদেহ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে রাজ্যের শ্রম দফতর এবং ভারতীয় দূতাবাস।

বিজয় মাহাত
শেষ আপডেট: 1 November 2025 07:23
দ্য ওয়াল ব্যুরো: জেদ্দায় গুলির লড়াইয়ে মৃত্যু হল ঝাড়খণ্ডের গিরিডি জেলার এক যুবকের। সৌদি আরব থেকে তাঁর মরদেহ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে ঝাড়খণ্ডের শ্রম দফতর। ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।
শ্রম দফতরের মাইগ্রেন্ট কন্ট্রোল সেলের টিম লিডার শিখা লাখরা জানিয়েছেন, গিরিডি থেকে খবর আসে সৌদি আরবে এক পরিযায়ী শ্রমিক মারা গেছেন। সঙ্গে সঙ্গে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। এখন জেদ্দা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে যাতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা মিটিয়ে মরদেহ ঝাড়খণ্ডে ফেরানো যায়।
স্থানীয় সমাজকর্মী সিকন্দর আলি জানিয়েছেন, মৃত যুবকের নাম বিজয় কুমার মাহাত। গিরিডির ধুধপনিয়া গ্রামের বাসিন্দা। গত নয় মাস ধরে জেদ্দার একটি বেসরকারি সংস্থায় টাওয়ার লাইন ফিটার হিসেবে কাজ করছিলেন।
সিকন্দর আলির কথায়, “১৬ অক্টোবর বিজয় হোয়াটসঅ্যাপে স্ত্রী বাসন্তীকে ভয়েস মেসেজ পাঠান, তিনি গুলির লড়াইয়ের মধ্যে পড়েছেন এবং জখম হয়েছেন। বাসন্তী সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনকে বিষয়টি জানান, কিন্তু সবাই ভেবেছিলেন ওঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ২৪ অক্টোবর বিজয়ের কর্মস্থল থেকে ফোন করে জানানো হয়, গুলির লড়াইয়ে তাঁর মৃত্যু হয়েছে।”
জানা গিয়েছে, ওই গুলির লড়াইটি হয়েছিল জেদ্দা পুলিশের সঙ্গে এক চাঁদাবাজ চক্রের। সিকন্দর আলি আরও বলেন, 'শুক্রবার আমি পুরো বিষয়টা জানতে পারি। সঙ্গে সঙ্গে রাজ্য শ্রম দফতর এবং গিরিডি জেলা প্রশাসনকে জানাই যাতে শুধু মরদেহ ফেরানোই নয়, সৌদি প্রশাসনের কাছ থেকে এই দরিদ্র পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হয়।'