নথি বলছে, ২০১৭ থেকে ২০১৯— এই সময়কালে অনিল আম্বানির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এপস্টাইন। নাবালিকা পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হওয়ার ঠিক কয়েক মাস আগের ঘটনা।

এপস্টাইন ফাইলে জুড়ে গেল অনিল আম্বানির নাম
শেষ আপডেট: 7 February 2026 18:06
দ্য ওয়াল ব্যুরো: যৌন অপরাধে অভিযুক্ত মার্কিন অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টাইনের (Jeffrey Epstein) সঙ্গে এ বার জুড়ে গেল ভারতীয় শিল্পপতি অনিল আম্বানির (Anil Ambani) নাম। আমেরিকার বিচার দফতরের প্রকাশিত নতুন নথিতে উঠে এসেছে, একাধিক বার্তা ও ই-মেলের মাধ্যমে দু’জনের মধ্যে যোগাযোগ ছিল। নথি অনুযায়ী, এই যোগাযোগের উদ্যোগ মূলত ছিল এপস্টাইনের দিক থেকেই। প্রকাশ্যে এসেছে তাঁদের সংক্ষিপ্ত কিন্তু বিতর্কিত এক চ্যাটও।
নথি বলছে, ২০১৭ থেকে ২০১৯— এই সময়কালে অনিল আম্বানির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এপস্টাইন। নাবালিকা পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হওয়ার ঠিক কয়েক মাস আগের ঘটনা। বার্তালাপে উঠে এসেছে আন্তর্জাতিক পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্য এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রসঙ্গ। দু’জনের মধ্যে সরাসরি সাক্ষাতের পরিকল্পনাও হয়েছিল। শেষ পর্যন্ত সব পরিকল্পনা বাস্তবায়িত না হলেও অন্তত একটি বৈঠক যে হয়েছিল, তা নথিতেই উল্লেখ রয়েছে (Epstein File)।
ফাইল সূত্রে জানা যাচ্ছে, ২০১৭ সালে আম্বানির পরিবার নিয়ে লেখা একাধিক বই অর্ডার করেছিলেন এপস্টাইন। ওই বছরই, ৯ মার্চ, দু’জনের মধ্যে একটি বার্তালাপ হয়। সেখানে অনিল আম্বানি জানতে চান, “আপনি কাকে সাজেস্ট করছেন?” উত্তরে এপস্টাইন লেখেন, “লম্বা, স্বর্ণকেশী সুইডিশ মহিলা— সফরটা মজার করতে।” মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে আম্বানির জবাব আসে, “তাহলে ব্যবস্থা করুন।” এই কথোপকথনের স্ক্রিনশটও বিচার দফতরের নথিতে জায়গা পেয়েছে।
ওই সময় প্যারিসে দেখা করার কথাও হয়েছিল দু’জনের। পরে, ২০১৯ সালের মে মাসে নিউ ইয়র্ক সফরের কথা জানান অনিল আম্বানি। তখন এপস্টাইন তাঁকে লেখেন, “যদি এমন কিছু মানুষের সঙ্গে নিভৃতে দেখা করতে চান, আমাকে জানান।” সেই ব্যক্তিরা কারা, তা অবশ্য নথিতে স্পষ্ট নয়। তবে প্রকাশিত তথ্য অনুযায়ী, ম্যানহাটনের আপার ইস্ট সাইডে এপস্টাইনের বাড়িতে তাঁদের একবার সাক্ষাৎ হয়েছিল। এই বিষয়ে অনিল আম্বানির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, ২০০৮ সালেই নাবালিকা ধর্ষণ ও পাচারের অভিযোগে এপস্টাইনের বিরুদ্ধে মামলা হয়। ২০১৯ সালের অগস্টে ফের গ্রেফতার হওয়ার পর, এক মাসের মধ্যেই জেলে তাঁর মৃত্যু হয়—যা সরকারিভাবে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। এপস্টাইন-কাণ্ডে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প, নোয়াম চমস্কি, বিল গেটস-সহ বিশ্বের একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। নতুন নথি প্রকাশের পর সেই তালিকায় অনিল আম্বানির নাম যুক্ত হওয়ায় আন্তর্জাতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়াল।